শীতের সবজিতে কিছুটা স্বস্তি, মাছ ও মাংসের দাম ঊর্ধ্বমুখী

রাজধানীর বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়তে শুরু করায় কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মধ্যে। সপ্তাহের ব্যবধানে ফুলকপি, বাঁধাকপি, মুলা ও নতুন আলুসহ বেশ কয়েকটি সবজির দাম কমেছে। তবে গ্রীষ্মকালীন সবজির দাম এখনো চড়া। অন্যদিকে, সবজির বাজারে স্বস্তি মিললেও চাল, আটা-ময়দা ও বিভিন্ন মসলার দাম বেড়ে যাওয়ায় নিত্যপণ্যের বাজারে বাড়তি চাপ তৈরি হয়েছে। মাছ ও মাংসের দামও রয়েছে ঊর্ধ্বমুখী।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) সকালে রাজধানীর কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া বৃষ্টির কারণে ছুটির দিনেও বাজারে ক্রেতাদের উপস্থিতি ছিল তুলনামূলক কম। টানা বৃষ্টিতে বিক্রিও কমেছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।
বাজার ঘুরে দেখা যায়, বর্তমানে প্রতি পিস ফুলকপি ও বাঁধাকপি ২০ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এক সপ্তাহ আগেও এসব সবজির দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা। একই সময়ে মুলার দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা কমে ৩৫ থেকে ৪০ টাকায় নেমেছে।
নতুন আলুর সরবরাহ বাড়ায় দামেও উল্লেখযোগ্য পতন হয়েছে। সপ্তাহখানেক আগে প্রতি কেজি নতুন আলু ১৫০ থেকে ১৬০ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা পাওয়া যাচ্ছে ৮০ থেকে ১২০ টাকায়। তবে শিমের দাম এখনো তুলনামূলক বেশি। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়।
বিজ্ঞাপন
অন্যদিকে, টমেটো, গাজর ও বেগুনের বাজারে এখনো স্বস্তি ফেরেনি। আমদানি করা টমেটো ও গাজর প্রতি কেজি ১২০ থেকে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে। গোল বেগুনের দাম ৮০ থেকে ১২০ টাকা। লম্বা বেগুনের দামও এক সপ্তাহের ব্যবধানে বেড়ে ৮০ থেকে ১০০ টাকায় পৌঁছেছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
নতুন মৌসুমের দেশি টমেটো বাজারে আসতে শুরু করলেও প্রতি কেজি বিক্রি হচ্ছে ১০০ থেকে ১২০ টাকায়। এ ছাড়া ঝিঙে, চিচিঙ্গা ও করলার দাম কেজিপ্রতি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে রয়েছে।
রামপুরা বাজারের খুচরা কাঁচামাল বিক্রেতা সবুজ বলেন, এবার মৌসুমের শুরু থেকেই শীতকালীন সবজির দাম তুলনামূলক কম। তবে গ্রীষ্মকালীন ও সারা বছর পাওয়া যায় এমন সবজির দাম এখনো কমেনি। আগামী মাসে সরবরাহ আরও বাড়লে এসব পণ্যের দাম কমতে পারে।
বিজ্ঞাপন
সবজির বাজারে কিছুটা স্বস্তি এলেও চালের বাজারে দেখা যাচ্ছে বিপরীত চিত্র। গত সপ্তাহের তুলনায় রাজধানীর বাজারে সরু ও মাঝারি চালের দাম কেজিতে ১ থেকে ৫ টাকা পর্যন্ত বেড়েছে। তবে মোটা চালের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি।
বর্তমানে প্রতি কেজি নাজিরশাইল ও মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৭০ থেকে ৯০ টাকায়। মাঝারি মানের চালের দাম ৫৫ থেকে ৬৫ টাকা এবং মোটা চালের দাম ৫০ থেকে ৫৫ টাকা।
মালিবাগ বাজারের চাল বিক্রেতা এনামুল হোসেন বলেন, প্রতিবছর এ সময়ে চালের দাম কিছুটা বাড়ে। এবার মিনিকেট ও নাজিরশাইল চালের মজুত কমে আসায় দাম বেড়েছে। নতুন ধান বাজারে উঠলে দাম কমতে পারে।
বিজ্ঞাপন
চালের পাশাপাশি আটা ও ময়দার দামও বেড়েছে। প্রতি কেজি খোলা আটার দাম ২ টাকা বেড়ে ৫০ টাকা হয়েছে। অন্যদিকে, খোলা ময়দার দাম কেজিতে ৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৭০ টাকায়।
বর্তমানে প্যাকেটজাত আটা প্রতি কেজি ৬৫ থেকে ৭০ টাকা এবং প্যাকেটজাত ময়দা ৮৫ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। তবে সয়াবিন তেলসহ অন্যান্য ভোজ্যতেলের দামে নতুন করে কোনো পরিবর্তন দেখা যায়নি।
এদিকে, মসলার বাজারেও গত কয়েক সপ্তাহ ধরে ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত রয়েছে। গত দুই থেকে তিন সপ্তাহে জিরার দাম কেজিতে ৪০ থেকে ৫০ টাকা বেড়ে বর্তমানে ৫৪০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সবচেয়ে বেশি বেড়েছে এলাচের দাম। গত ১৫ থেকে ২০ দিনের ব্যবধানে প্রতি কেজি এলাচের দাম বেড়েছে ৩০০ থেকে ৪০০ টাকা। বর্তমানে মানভেদে এলাচ বিক্রি হচ্ছে ৪ হাজার ৬০০ থেকে ৫ হাজার ৫০০ টাকায়।
এ ছাড়া শুকনা মরিচের দাম কেজিতে সর্বোচ্চ ১০০ টাকা, হলুদের দাম ৫০ থেকে ১০০ টাকা এবং লবঙ্গের দাম ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বেড়েছে।
সব মিলিয়ে শীতকালীন সবজির দাম কমায় ক্রেতারা কিছুটা স্বস্তি পেলেও চাল, আটা-ময়দা ও মসলার বাড়তি দামে নিত্যপ্রয়োজনীয় বাজারের সামগ্রিক ব্যয় এখনো চাপের মুখে রয়েছে।








