Logo

জুলাইয়ের ধাক্কা কাটিয়ে আগস্টে বাড়ল যুক্তরাজ্যে পোশাক রপ্তানি

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০৩
জুলাইয়ের ধাক্কা কাটিয়ে আগস্টে বাড়ল যুক্তরাজ্যে পোশাক রপ্তানি
ছবি: সংগৃহীত

চলতি ২০২৬–২৭ অর্থবছরের শুরুতে জুলাইয়ে কিছুটা কমলেও আগস্টে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এর ফলে অর্থবছরের প্রথম দুই মাসে দেশটিতে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৭৪ শতাংশ বেড়েছে।

বিজ্ঞাপন

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ২০২৬–২৭ অর্থবছরের জুলাই ও আগস্টে যুক্তরাজ্যে বাংলাদেশ ৯১ কোটি ৫৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। আগের অর্থবছরের একই সময়ে রপ্তানি হয়েছিল ৮৮ কোটি ২৬ লাখ ২০ হাজার ডলারের। এক বছরের ব্যবধানে রপ্তানি আয় বেড়েছে ৩ কোটি ৩০ লাখ ১০ হাজার ডলার।

২০২৫–২৬ অর্থবছরজুড়ে যুক্তরাজ্যে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছিল ৪৩৮ কোটি ৮৫ লাখ ৫০ হাজার ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম দুই মাসেই আগের পুরো অর্থবছরের রপ্তানি আয়ের প্রায় ২০ দশমিক ৮৬ শতাংশ অর্জিত হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

প্রথম দুই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি থেকে বাংলাদেশের গড় মাসিক আয় দাঁড়িয়েছে ৪৫ কোটি ৭৮ লাখ ২০ হাজার ডলার। বিপরীতে, ২০২৫–২৬ অর্থবছরের মোট রপ্তানি আয়কে ১২ মাসে ভাগ করলে মাসিক গড় ছিল প্রায় ৩৬ কোটি ৫৭ লাখ ১০ হাজার ডলার। অর্থাৎ আগের অর্থবছরের মাসিক গড়ের তুলনায় চলতি অর্থবছরের প্রথম দুই মাসের গড় আয় বেশি হয়েছে।

বিজ্ঞাপন

তবে এই প্রবৃদ্ধি দুই মাসে সমানভাবে আসেনি। জুলাইয়ে যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৪৪ শতাংশ কমে যায়। ওই মাসে রপ্তানি হয় ৪৫ কোটি ৮ লাখ ২০ হাজার ডলারের পোশাক। আগের বছরের জুলাইয়ে এর পরিমাণ ছিল ৪৬ কোটি ২০ লাখ ৮০ হাজার ডলার।

আগস্টে অবশ্য চিত্র বদলে যায়। ওই মাসে যুক্তরাজ্যে পোশাক রপ্তানি ৪৬ কোটি ৪৮ লাখ ১০ হাজার ডলারে পৌঁছায়, যা আগের বছরের আগস্টের ৪২ কোটি ৫ লাখ ৪০ হাজার ডলারের তুলনায় ১০ দশমিক ৫৩ শতাংশ বেশি। আগস্টের এই শক্তিশালী প্রবৃদ্ধিই দুই মাসের সম্মিলিত রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি আনতে ভূমিকা রেখেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক এবং বাংলাদেশ অ্যাপারেল ভয়েসের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মহিউদ্দিন রুবেল বলেন, আগস্টের শক্তিশালী প্রবৃদ্ধিই মূলত প্রথম দুই মাসের সম্মিলিত রপ্তানিকে ইতিবাচক রেখেছে। তবে বছরের শুরুতে মাত্র দুই মাসের তথ্য দিয়ে পুরো অর্থবছরের প্রবণতা সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো যাবে না। পরবর্তী মাসগুলোতে রপ্তানির ধারাবাহিকতা গুরুত্বপূর্ণ হবে।

বিজ্ঞাপন

বাংলাদেশের তৈরি পোশাকের অন্যতম গুরুত্বপূর্ণ বাজার যুক্তরাজ্য। তাই দেশটির বাজারে রপ্তানির ধারাবাহিকতা পোশাক খাতের জন্য গুরুত্বপূর্ণ। বছরের বাকি সময়ে অর্ডারের প্রবাহ, বৈশ্বিক পোশাকের চাহিদা, ক্রেতাদের ক্রয়াদেশ এবং আন্তর্জাতিক বাজারের প্রতিযোগিতার ওপর যুক্তরাজ্যে বাংলাদেশের পোশাক রপ্তানির গতি অনেকটাই নির্ভর করবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD