Logo

কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:২৫
কাঁচাপাট রপ্তানিকারকদের ঋণ পুনঃতফসিলের সময় বাড়াল কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ছবি

কাঁচাপাট রপ্তানিকারকদের বিরূপমানে শ্রেণিকৃত ঋণ পুনঃতফসিলের আবেদনের সময়সীমা আরও তিন মাস বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত শ্রেণিকৃত ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে সংশ্লিষ্ট ব্যাংকে পুনঃতফসিলের আবেদন করা যাবে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ-১ থেকে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে। দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে এ নির্দেশনা পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, কাঁচাপাট রপ্তানিকারকদের বিদ্যমান সমস্যা সমাধানে এর আগে ২০২২ সালের ৭ জুলাই, ২০২৫ সালের ১৩ অক্টোবর এবং চলতি বছরের ২২ ফেব্রুয়ারি বিভিন্ন সার্কুলার ও নির্দেশনা জারি করা হয়েছিল। এসব নির্দেশনার আওতায় সংশ্লিষ্ট ঋণ বা বিনিয়োগ হিসাব পুনঃতফসিলের সুযোগ দেওয়া হয়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এর আগে ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে পুনঃতফসিলের আবেদনের শেষ সময় ৩০ জুন নির্ধারণ করা হয়েছিল। তবে কাঁচাপাট রপ্তানির ক্ষেত্রে বিভিন্ন জটিলতার কারণে অনেক গ্রাহক নির্ধারিত সময়ের মধ্যে ডাউন পেমেন্ট পরিশোধ এবং অন্যান্য শর্ত পূরণ করে আবেদন করতে পারেননি বলে বাংলাদেশ ব্যাংকের কাছে তথ্য আসে।

এ পরিস্থিতিতে কাঁচাপাট রপ্তানিকারকদের পুনঃতফসিলের আবেদনের সময়সীমা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

নতুন নির্দেশনা অনুযায়ী, বিরূপমানে শ্রেণিকৃত এসএস (সাব-স্ট্যান্ডার্ড), ডিএফ (ডাউটফুল) ও বিএল (ব্যাড লস) ঋণের স্থিতির ২ শতাংশ ডাউন পেমেন্ট গ্রহণ করে পুনঃতফসিল সুবিধার জন্য আবেদন করা যাবে।

তবে নির্ধারিত সময়ের মধ্যে শুধু আবেদন করলেই পুনঃতফসিলের সুবিধা পাওয়া যাবে না। সংশ্লিষ্ট ডাউন পেমেন্টসহ আগের নির্দেশনায় নির্ধারিত সব শর্ত পূরণ করতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সার্কুলারের আওতায় পাওয়া আবেদনগুলো প্রয়োজনীয় ডাউন পেমেন্ট গ্রহণের পর আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাংককে নিষ্পত্তি করতে হবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন সার্কুলারে শুধু আবেদনের সময়সীমা পরিবর্তন করা হয়েছে। আগের সার্কুলার ও নির্দেশনায় থাকা অন্যান্য শর্ত ও প্রক্রিয়া অপরিবর্তিত থাকবে। ফলে ঋণ পুনঃতফসিলের ক্ষেত্রে আগের নির্ধারিত নিয়মই অনুসরণ করতে হবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD