Logo

বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৮:৫৯
বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক
ছবি: সংগৃহীত

বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও আন্তর্জাতিক মানি ট্রান্সফার অপারেটরের (আইএমটিও) মাধ্যমে দেশে আসা রেমিট্যান্স এখন নির্ধারিত শর্ত পূরণ সাপেক্ষে বৈদেশিক মুদ্রায় জমা রাখার সুযোগ দেওয়া হয়েছে। এসব অর্থ প্রাইভেট ফরেন কারেন্সি (পিএফসি) ও নন-রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট (এনএফসিডি) হিসাবেও জমা করা যাবে। বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট বৈদেশিক মুদ্রা নীতিমালায় এ ধরনের হিসাবের সুযোগ রয়েছে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ এ-সংক্রান্ত নির্দেশনা জারি করে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

কেন্দ্রীয় ব্যাংকের সার্কুলার অনুযায়ী, বৈদেশিক মুদ্রার আমানত ব্যবস্থাকে আরও সহজ করার পাশাপাশি প্রচলিত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালা যথাযথভাবে পরিপালনের বিষয়টি বিবেচনায় নেওয়া হয়েছে।

বর্তমানে ব্যাংকিং চ্যানেলে দেশে আসা অন্তর্মুখী রেমিট্যান্সের বিপরীতে যোগ্য গ্রাহকদের পিএফসি ও এনএফসিডি হিসাবে বৈদেশিক মুদ্রা জমা রাখার সুযোগ রয়েছে। নতুন ব্যবস্থায় বিদেশি এক্সচেঞ্জ হাউজ ও আইএমটিওর মাধ্যমে আসা রেমিট্যান্সও নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ সাপেক্ষে এসব হিসাবে রাখার সুযোগ পাবে।

বিজ্ঞাপন

তবে এ ক্ষেত্রে প্রচলিত বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ বিধিমালার সংশ্লিষ্ট শর্ত ও অন্যান্য পরিপালন নিশ্চিত করতে হবে। অর্থাৎ, বৈদেশিক মুদ্রায় রেমিট্যান্স সংরক্ষণের সুবিধা থাকলেও তা নির্ধারিত ব্যাংকিং ও বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা নিয়মের আওতাতেই পরিচালিত হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তের ফলে বৈধ চ্যানেলে দেশে পাঠানো রেমিট্যান্সের একটি অংশ বৈদেশিক মুদ্রায় সংরক্ষণের সুযোগ বাড়বে। বিশেষ করে যেসব প্রবাসী বাংলাদেশি দেশে বৈদেশিক মুদ্রার হিসাব পরিচালনা করতে চান, তাদের জন্য এ সুবিধা প্রাসঙ্গিক হতে পারে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD