Logo

অবৈধ ইটভাটায় বন্ধ হচ্ছে অর্থায়ন, কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেবে কমিটি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:০২
অবৈধ ইটভাটায় বন্ধ হচ্ছে অর্থায়ন, কেন্দ্রীয় ব্যাংকে চিঠি দেবে কমিটি
ছবি : এআই দিয়ে তৈরি

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও জাতীয় সংসদের হুইপ মো. জি কে গউছ।

বিজ্ঞাপন

বৈঠকে কমিটির সদস্য ও পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু, মোঃ আব্দুল মান্নান ও সুলতানা জেসমিন অংশ নেন।

বৈঠকে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি মন্ত্রণালয়ের যেকোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যাতে পরিবেশের ক্ষতি না হয়, সে বিষয়ে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়।

অবৈধ ইটভাটাগুলোতে অর্থায়ন বন্ধে বাংলাদেশ ব্যাংককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার সুপারিশ করেছে কমিটি। এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠানোর সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

একই সঙ্গে সারা দেশে বৈধ ও অবৈধ ইটভাটার পূর্ণাঙ্গ তালিকা তৈরির জন্য পরিবেশ অধিদপ্তরকে নির্দেশনা দেওয়া হয়। সরকারি নির্মাণাধীন অবকাঠামোতে ইটের পরিবর্তে ব্লক ব্যবহারের সুপারিশও করা হয়েছে।

বৈঠকে জলবায়ু পরিবর্তন ট্রাস্টের অধীনে পরিচালিত ১০১টি প্রকল্পের বিস্তারিত তথ্য ও উপাত্ত পরবর্তী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া গত ১৬ বছরে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের বরাদ্দ করা অর্থ কীভাবে ব্যয় হয়েছে, সে বিষয়ে কমিটির পক্ষ থেকে তথ্য জানতে চাওয়া হয়। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

বিজ্ঞাপন

বৈঠকে চলতি অর্থবছরে মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ করা বাজেট কীভাবে ব্যয় করা হবে, তার পরিকল্পনাও বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।

এ সময় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব, অতিরিক্ত সচিব, বন ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD