পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপের খবর সঠিক নয়: পুলিশ

সিলেট নগরীর দাড়িয়াপাড়া এলাকায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসার গলির প্রবেশমুখে একটি গেটে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তবে প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া খবরকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর বাসায় পেট্রোল বোমা হামলার খবর ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে স্পষ্ট বক্তব্য দেয় পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায়, আগুন দেওয়ার ঘটনাটি প্রতিমন্ত্রীর বাসার ভেতরে ঘটেনি। পাশাপাশি সেখানে কোনো পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি ও মিডিয়া) আফজাল হোসেন জানান, শুক্রবার রাত ৩টা থেকে ৪টার মধ্যে দাড়িয়াপাড়া এলাকায় প্রতিমন্ত্রীর বাসার গলির প্রবেশপথে থাকা একটি গেটে আগুন দেওয়া হয়। ওই গেটের ভেতরে একাধিক বাসা রয়েছে। এসব বাসার মধ্যে একটি হলো পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসা।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ঘটনার বিবরণ দিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, গেটটিতে ন্যাকড়াজাতীয় কাপড়ে কেরোসিন অথবা পেট্রোলজাতীয় পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। তবে অগ্নিসংযোগের ঘটনাটি কোনো বাসার অভ্যন্তরে ঘটেনি এবং সেখানে পেট্রোল বোমা ছোড়ারও প্রমাণ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
আফজাল হোসেন আরও জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে অগ্নিসংযোগের ঘটনাকে পেট্রোল বোমা হামলা হিসেবে প্রচার করা হচ্ছে। এ ধরনের প্রচার সঠিক নয়। প্রকৃত ঘটনাকে ভিন্নভাবে উপস্থাপন করতে পরিকল্পিতভাবে গুজব ছড়ানো হচ্ছে কি না, সেটিও খতিয়ে দেখছে পুলিশ।
অগ্নিসংযোগের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত ও অনুসন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে নাশকতার উদ্দেশ্যে এ ধরনের কর্মকাণ্ড সংঘটিত হয়ে থাকলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।








