রোহিঙ্গা গণহত্যার রায়ের দ্রুত ও কার্যকর বাস্তবায়ন চায় ঢাকা

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার ঘটনায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় দ্রুত ও কার্যকরভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে এ রায় কার্যকরে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা চেয়েছে সরকার।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) গাম্বিয়া বনাম মিয়ানমার মামলায় আইসিজের দেওয়া রায়ের প্রতিক্রিয়া জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক আদালতের রায় কার্যকর হলে দীর্ঘদিন ধরে বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১৩ লাখ রোহিঙ্গার সংকট নিরসনের পথ তৈরি হবে।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর সংঘটিত গণহত্যার বিষয়ে আইসিজের এই রায় একটি ঐতিহাসিক ঘটনা। বাংলাদেশ এ রায়কে স্বাগত জানায়।
বিজ্ঞাপন
তিনি বলেন, আদালত রোহিঙ্গাদের একটি স্বতন্ত্র জাতিগত জনগোষ্ঠী হিসেবে স্বীকৃতি দিয়েছেন। পাশাপাশি তাদের ওপর সহিংসতা বন্ধ, অপরাধে জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনা, ভবিষ্যতে গণহত্যা প্রতিরোধ এবং ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার বিষয়ে নির্দেশনা দিয়েছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
হুমায়ুন কবির আরও বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের এই রায় চূড়ান্ত এবং আইনগতভাবে বাধ্যতামূলক। এ রায়ের বিরুদ্ধে আপিলের কোনো সুযোগ নেই। বাংলাদেশ সরাসরি মামলার পক্ষ না হলেও মানবিক কারণে প্রায় ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে আসছে।
মামলাটি আন্তর্জাতিক আদালতে নিয়ে যাওয়ার ক্ষেত্রে গাম্বিয়ার উদ্যোগের প্রশংসা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। একই সঙ্গে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) এবং এ উদ্যোগে সমর্থন দেওয়া বন্ধুরাষ্ট্রগুলোর প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
বিজ্ঞাপন
রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আদালতের নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করে হুমায়ুন কবির বলেন, এ রায় দ্রুত কার্যকর করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও টেকসই প্রত্যাবাসন নিশ্চিত করাই এ সংকটের স্থায়ী সমাধান। এজন্য মিয়ানমারে এমন পরিবেশ তৈরি করতে হবে, যাতে রোহিঙ্গারা নিজেদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত হওয়ার পর স্বতঃস্ফূর্তভাবে নিজ বাসভূমিতে ফিরে যেতে পারেন।








