Logo

সড়কে প্রাণহানি রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান ডিএনসিসির

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৪:২১
সড়কে প্রাণহানি রোধে কঠোর আইন প্রয়োগের আহ্বান ডিএনসিসির
ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে জাতিসংঘ ঘোষিত বৈশ্বিক দিবস ‘ওয়ার্ল্ড ডে অব রিমেমব্রান্স ফর রোড ট্রাফিক ভিকটিমস’ পালন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এ উপলক্ষে রোববার সকালে রাজধানীর গুলশান-২ এলাকায় অবস্থিত নগর ভবনের সেমিনার কক্ষে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ব্লুমবার্গ ফিলানথ্রপিস ইনিশিয়েটিভ ফর গ্লোবাল রোড সেফটি (বিআইজিআরএস) ও ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি সহায়তায় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম, ঢাকা ট্রান্সপোর্ট কো-অর্ডিনেশন অথরিটির (ডিটিসিএ) সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, গুলশান জোন) মো. জিয়াউর রহমান। দিবসের প্রতিপাদ্য নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ভাইটাল স্ট্র্যাটেজিসের কারিগরি পরামর্শক আমিনুল ইসলাম সুজন।

সভাপতির বক্তব্যে মুহাম্মদ আসাদুজ্জামান বলেন, দীর্ঘদিন ধরে ঢাকা শহরের অনেক ফুটপাত অবৈধ দখলের কারণে পথচারীদের ব্যবহারের অনুপযোগী হয়ে পড়েছিল। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় ডিএনসিসি এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ফুটপাত পথচারীদের জন্য নিরাপদ করার উদ্যোগ নিয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি বলেন, কেউ যেন অবৈধভাবে ফুটপাত দখল করে পথচারীদের চলাচলে ঝুঁকি তৈরি করতে না পারে, সে জন্য গণমাধ্যমসহ নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। শিশু, নারী ও প্রতিবন্ধী ব্যক্তিসহ সবার জন্য নিরাপদ সড়ক গড়ে তুলতেও ডিএনসিসি সামর্থ্য অনুযায়ী কাজ করছে।

ডিএনসিসির অতিরিক্ত প্রধান প্রকৌশলী খন্দকার মাহবুব আলম বলেন, ঢাকা উত্তরের ঝুঁকিপূর্ণ সড়ক ও মোড়গুলো নিরাপদ করার পাশাপাশি জেব্রা ক্রসিং অঙ্কন এবং ট্রাফিক ব্যবস্থার উন্নয়নে কাজ করছে সংস্থাটি। এ ছাড়া যানবাহনের চালকদের নির্ধারিত গতিসীমা মেনে চলতে উৎসাহিত করতে সচেতনতামূলক প্রচারণার উদ্যোগ নেওয়া হচ্ছে।

বিআইজিআরএসের ইনিশিয়েটিভ কো-অর্ডিনেটর মো. আবদুল ওয়াদুদ বৈশ্বিক সড়ক নিরাপত্তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি চালকদের ট্রাফিক আইন মেনে চলা, ব্যস্ত সড়কে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, নির্ধারিত স্থানে যাত্রী ওঠানামা করানো এবং যানবাহনের মধ্যে অসুস্থ প্রতিযোগিতা এড়িয়ে চলার আহ্বান জানান।

বিজ্ঞাপন

ডিটিসিএর সিনিয়র রোড সেফটি স্পেশালিস্ট মামুনুর রহমান বলেন, ঢাকায় মানুষের দুর্ভোগ কমিয়ে পথচারীবান্ধব পরিবেশ তৈরির লক্ষ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সমন্বয়ে একটি নীতিমালার খসড়া তৈরি করেছে ডিটিসিএ। সড়ক নিরাপত্তা কার্যক্রম জোরদার করতে জাতীয় সড়ক নিরাপত্তা কাউন্সিলকে সক্রিয় করারও আহ্বান জানান তিনি।

ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, গুলশান) মো. জিয়াউর রহমান বলেন, সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। গুরুত্বপূর্ণ সড়কে যানবাহন চলাচল পর্যবেক্ষণে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও ৩০০ ফিট সড়কে গতিসীমা অতিক্রমের ঘটনায় জরিমানা করায় চালকদের মধ্যে নির্ধারিত গতিতে গাড়ি চালানোর প্রবণতা বেড়েছে।

ব্র্যাকের রোড সেফটি প্রকল্পের (জিআরএসপি) টিম লিডার খালিদ মাহমুদ বলেন, সড়ক নিরাপদ করতে বিশ্বব্যাপী ‘সেফ সিস্টেম অ্যাপ্রোচ’ অনুসরণ করা হচ্ছে। আন্তর্জাতিক ফোরামে বাংলাদেশ সরকারও এ পদ্ধতি গ্রহণের অঙ্গীকার করেছে। এ লক্ষ্য বাস্তবায়নে দ্রুত একটি আইন প্রণয়ন করা প্রয়োজন।

বিজ্ঞাপন

প্রবন্ধ উপস্থাপনায় আমিনুল ইসলাম সুজন বলেন, সড়কে হতাহতদের স্মরণে পালিত এই বৈশ্বিক দিবসের মূল উদ্দেশ্য হলো নিহত ব্যক্তিদের স্মৃতি স্মরণ, তাদের পরিবারের প্রতি সহমর্মিতা প্রকাশ এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানো। একই সঙ্গে সহানুভূতিশীল ও সচেতন সমাজ গড়ে তোলা এবং সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালনের মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করার বার্তা দেওয়া হয়।

সভায় সড়ক দুর্ঘটনায় স্বজন হারানো ব্যক্তিরাও নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন। দুর্ঘটনায় নিহত মেয়ের স্মৃতিচারণা করে অবসরপ্রাপ্ত শিক্ষক এস এম সাইফুল ইসলাম বলেন, ২০২৪ সালের ৯ অক্টোবর ঢাকার বাড্ডায় সুবাস্তু টাওয়ারের কাছে সড়ক পার হওয়ার সময় দুটি দ্রুতগতির বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে বাসচাপায় তার মেয়ে প্রাণ হারান।

তিনি বলেন, ‘আমি চাই না এভাবে আর কোনো মায়ের কোল খালি হোক।’ এ ধরনের দুর্ঘটনা বন্ধে সড়কে কঠোরভাবে আইন প্রয়োগের দাবি জানান তিনি।

বিজ্ঞাপন

সড়ক দুর্ঘটনায় ছোট ভাইকে হারানোর অভিজ্ঞতা তুলে ধরে স্টেপসের নির্বাহী পরিচালক চন্দন লাহিড়ী সড়ক নিরাপত্তাবিষয়ক প্রস্তাবিত খসড়া আইন দ্রুত পাস করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

অন্যদিকে, সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বড় বোনের দুর্বিষহ জীবনযাপনের অভিজ্ঞতা তুলে ধরেন কেএনকেএসের নির্বাহী পরিচালক অরিন্দম দেবনাথ। তিনি জানান, দ্রুতগতির একটি মোটরসাইকেলের ধাক্কায় তার বোন আহত হওয়ার পর স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে। এ ধরনের দুর্ঘটনা রোধে যানবাহনের গতিসীমা নিয়ন্ত্রণসংক্রান্ত নির্দেশিকা দ্রুত বাস্তবায়নের দাবি জানান তিনি।

আলোচনায় আরও অংশ নেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মহাসচিব লিটন এরশাদ, রোড সেফটি ফাউন্ডেশনের নাসির উদ্দিন শেখ, ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রকল্প সমন্বয়কারী শারমীন রহমান, সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ বাংলাদেশের (সিআইপিআরবি) প্রোগ্রাম ম্যানেজার কাজী বোরহান উদ্দিন, সিয়াম সংস্থার নির্বাহী পরিচালক ও হাইকোর্টের আইনজীবী মাসুম বিল্লাহ, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান, ওয়ার্ক ফর অ্যা বেটার বাংলাদেশ (ডব্লিউবিবি) ট্রাস্টের প্রজেক্ট ম্যানেজার নাঈমা আক্তার এবং মাদকদ্রব্য ও নেশানিরোধ সংস্থার (মানস) সিনিয়র প্রজেক্ট অ্যান্ড কমিউনিকেশন অফিসার মো. আবু রায়হান।

বিজ্ঞাপন

এ ছাড়া সভায় আর্ক ফাউন্ডেশন, সেন্টার ফর ল অ্যান্ড পলিসি অ্যাফেয়ার্স, প্রজ্ঞা, সেতু সংস্থা, ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট, সড়ক ও জনপথ অধিদপ্তর, বাংলাদেশ সড়ক পরিবহন সংস্থা এবং বিআইজিআরএসসহ বিভিন্ন সরকারি, বেসরকারি ও আন্তর্জাতিক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD