Logo

আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার, না হলে ফল ভালো হবে না

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৩:০৯
আইসিজের রায় মানতে বাধ্য মিয়ানমার, না হলে ফল ভালো হবে না
ছবি: সংগৃহীত

রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায় মিয়ানমারকে অবশ্যই মানতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি সতর্ক করে বলেছেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার। নইলে ফল ভালো হবে না।’

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) সকালে কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। সকাল পৌনে ৯টার দিকে ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছালে তাঁকে স্বাগত জানান সেখানে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

পরিদর্শনকালে ড. খলিলুর রহমান রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন। তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ, নিরাপত্তাহীনতা এবং মিয়ানমারে নিজেদের বসতভিটায় ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা শোনেন তিনি।

এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আজ সকালে আমি একটি বিশেষ সময়ে, বিশেষ দিনে এবং ঐতিহাসিক মুহূর্তে ক্যাম্পে এসেছি। গতকাল আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যার মামলায় রায় দিয়েছেন। আদালতের ইতিহাসে এটি একটি ঐতিহাসিক ঘটনা।’

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

আদালতের রায় বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যা ও নির্যাতনের জন্য দায়ীদের বিচারের আওতায় এনে যথাযথ শাস্তি নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, ‘আন্তর্জাতিক বিচার আদালতের রায় মানতে বাধ্য মিয়ানমার, নইলে ফল ভালো হবে না। যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাঁদের ন্যায়বিচার ও উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে। একইসঙ্গে রোহিঙ্গাদের হারানো অধিকার, পরিচয় ও মর্যাদা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করতে হবে।’

রোহিঙ্গাদের প্রত্যাবাসন প্রসঙ্গে ড. খলিলুর রহমান বলেন, তাঁদের নিরাপদ, স্বেচ্ছামূলক ও মর্যাদাপূর্ণভাবে নিজ দেশে ফেরার ব্যবস্থা করা জরুরি। মিয়ানমারের রাখাইন রাজ্যে ফিরে যাওয়ার পর যাতে তাঁরা নতুন করে নির্যাতন, নিপীড়ন কিংবা বৈষম্যের শিকার না হন, সে জন্য নিরাপত্তা, নাগরিকত্ব, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার উপযোগী পরিবেশ তৈরি করা প্রয়োজন। এমন পরিস্থিতিতে তাঁদের প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে, যেখানে ভয়ভীতি ছাড়াই নিজেদের অধিকার ও মর্যাদা নিয়ে বসবাস করতে পারবেন তাঁরা।

এদিকে ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার (ইউসিআর) সভাপতি কিন মং বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ‘বাংলাদেশ সরকার ও এ দেশের মানুষ আমাদের আশ্রয় দিয়ে জীবন বাঁচিয়েছেন। এ জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু আমরা চিরদিন শরণার্থী শিবিরে থাকতে চাই না। আমাদের চূড়ান্ত লক্ষ্য মিয়ানমারে নিজেদের ঘরে ফিরে যাওয়া। সে জন্য নাগরিকত্ব, নিরাপত্তা, চলাচলের স্বাধীনতা ও মৌলিক অধিকার নিশ্চিত করতে হবে।’

রোহিঙ্গা নেতাদের মতে, আন্তর্জাতিক আদালতের বিচারিক প্রক্রিয়ার পাশাপাশি মিয়ানমারে নিরাপদ পরিবেশ ও মৌলিক অধিকার নিশ্চিত করা প্রত্যাবাসনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD