রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার: আইসিজে

২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিম জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালানোর দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করেছেন আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। বৃহস্পতিবার জাতিসংঘের সর্বোচ্চ এই আদালত রাষ্ট্র হিসেবে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে ঐতিহাসিক রায় ঘোষণা করেন।
বিজ্ঞাপন
রায়ে আইসিজের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, গণহত্যা অপরাধ প্রতিরোধ ও শাস্তি বিষয়ক সনদের অধীনে নির্ধারিত বাধ্যবাধকতা লঙ্ঘন করে মিয়ানমার উত্তর রাখাইন রাজ্যে রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা সংঘটিত করেছে।
বহুল আলোচিত এই মামলায় আদালতের ৯ জন বিচারপতি রায়ের পক্ষে এবং ছয়জন বিপক্ষে অবস্থান নেন। ২০১৭ সালে রোহিঙ্গাদের ওপর চালানো সামরিক দমন-পীড়নকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীকে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশও দিয়েছেন বিচারকরা।
ইউজি ইওয়াসাওয়া বলেন, বাধ্যবাধকতা লঙ্ঘনের ফলে সৃষ্ট ক্ষতির জন্য রোহিঙ্গা জনগোষ্ঠী ও তাদের সদস্যদের ক্ষতিপূরণ দিতে মিয়ানমার দায়বদ্ধ থাকবে। পূর্বাবস্থায় ফিরিয়ে আনার মাধ্যমে ক্ষতি পূরণ না হওয়া পর্যন্ত এই দায় বহাল থাকবে।
বিজ্ঞাপন
তবে ক্ষতিপূরণের নির্দিষ্ট অঙ্ক কিংবা পরিশোধের পদ্ধতি এখনই নির্ধারণ করেননি আদালত। বিচারক জানিয়েছেন, ক্ষতির পরিমাণের সঙ্গে সামঞ্জস্য রেখেই ক্ষতিপূরণ নির্ধারণ করতে হবে। এ বিষয়ে বিচারপ্রক্রিয়ার পরবর্তী পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
রায়ের দুই বছরের মধ্যে মিয়ানমারকে একটি প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আইসিজে। এতে রোহিঙ্গাদের ক্ষতিপূরণ প্রদান এবং ক্ষতিগ্রস্তদের অধিকার পুনঃপ্রতিষ্ঠায় কী ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, তার বিস্তারিত বিবরণ থাকতে হবে।
রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরসার সদস্যদের পুলিশ ফাঁড়িতে হামলার পর ২০১৬ সালের অক্টোবরে রাখাইন রাজ্যে সামরিক অভিযান শুরু করে মিয়ানমারের সেনাবাহিনী। ২০১৭ সালের আগস্টে সেই অভিযান ব্যাপক আকার ধারণ করে। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন এবং ৭ লাখ ৪০ হাজারের বেশি মানুষ প্রাণ বাঁচাতে বাংলাদেশে আশ্রয় নেন।
বিজ্ঞাপন
জাতিসংঘের তদন্তে উঠে আসে, সামরিক বাহিনী শত শত রোহিঙ্গা গ্রামে অগ্নিসংযোগ, ব্যাপক হত্যাকাণ্ড এবং নারী ও কিশোরীদের ওপর যৌন সহিংসতা চালায়। তদন্তকারীদের মতে, এসব অপরাধের ধরন ও ব্যাপকতা রোহিঙ্গাদের নিশ্চিহ্ন করার অভিপ্রায়ের ইঙ্গিত বহন করে।
অভিযানের পর কয়েকটি ঘটনায় সেনাসদস্যদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেয় মিয়ানমার সামরিক বাহিনী। তবে ইন দিন গ্রামে ১০ জন রোহিঙ্গা পুরুষ ও কিশোরকে হত্যার ঘটনায় সাজাপ্রাপ্ত সাত সেনাসদস্যকে কারাভোগের এক বছর পূর্ণ হওয়ার আগেই মুক্তি দেওয়া হয়েছিল।
রোহিঙ্গাদের ওপর সামরিক নির্যাতনের বহু আগে, ১৯৮২ সালে মিয়ানমার স্বীকৃত ১৩৫টি জাতিগোষ্ঠীর তালিকা থেকে রোহিঙ্গাদের বাদ দেয়। দেশটিতে কয়েক প্রজন্ম ধরে বসবাস করলেও তাদের অনেককে ‘অভিবাসী বাঙালি’ হিসেবে পরিচয় দেওয়া হয়। এর ফলে অধিকাংশ রোহিঙ্গা নাগরিকত্বের অধিকার হারান এবং বিশ্বের বৃহত্তম রাষ্ট্রহীন জনগোষ্ঠীগুলোর একটিতে পরিণত হন।
বিজ্ঞাপন
২০২৩ সালে মিয়ানমারের সেনাবাহিনীর সঙ্গে সংঘাত নতুন করে ছড়িয়ে পড়ার পর রাখাইন রাজ্যের বড় অংশের নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি নামের একটি জাতিগত সশস্ত্র সংগঠন। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় গত আগস্টে জানায়, সংঘাতে জড়িত উভয় পক্ষের বিরুদ্ধেই রোহিঙ্গাদের ওপর ব্যাপক ও পদ্ধতিগত নির্যাতনের অভিযোগ রয়েছে। এর মধ্যে আরাকান আর্মির বিরুদ্ধে নির্যাতন, যৌন সহিংসতা ও জোরপূর্বক নিয়োগের অভিযোগও রয়েছে।
জাতিসংঘের তথ্য অনুযায়ী, এসব সহিংসতার কারণে ২০২৪ সালের শুরু থেকে ১ লাখ ৫৫ হাজারের বেশি রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছেন। সব মিলিয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গার সংখ্যা প্রায় ১২ লাখে পৌঁছেছে।
বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের অধিকাংশই কক্সবাজারের ঘনবসতিপূর্ণ শরণার্থী শিবিরগুলোতে বসবাস করছেন। তাদের জীবনযাত্রা মূলত আন্তর্জাতিক মানবিক সহায়তার ওপর নির্ভরশীল। তবে সাম্প্রতিক বছরগুলোতে এই সহায়তা উল্লেখযোগ্যভাবে কমেছে। বিশেষ করে ২০২৫ সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বৈদেশিক সহায়তা কমানোর পর সংকট আরও প্রকট হয়েছে।
বিজ্ঞাপন
সহায়তা কমে যাওয়ায় শরণার্থীদের খাদ্য বরাদ্দ হ্রাস পেয়েছে এবং অনেক শিবিরের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে। জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার সতর্ক করে জানিয়েছে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আসা রোহিঙ্গাদের অনেকেই পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন।
সূত্র: এএফপি, বিবিসি ও আল জাজিরা








