মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যার প্রমাণ পেয়েছে

মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর সদস্যরা হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা করেছে। পাশাপাশি রোহিঙ্গা নারী ও শিশুদের ওপর ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের বিরুদ্ধে গুরুতর সহিংসতার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) বহুল প্রতীক্ষিত রায় পাঠের শুরুতে এসব তথ্য তুলে ধরেছেন আদালতের বিচারকেরা।
বিজ্ঞাপন
আদালতের প্রেসিডেন্ট ইউজি ইওয়াসাওয়া বলেন, ‘‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গাকে হত্যা, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতামূলক কর্মকাণ্ড ঘটিয়েছে। বিপুলসংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন পলায়নরত রোহিঙ্গাদের ওপর হামলা চালিয়েছে।’’
তবে এসব কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের আওতায় গণহত্যা হিসেবে বিবেচিত হবে কি না, তা নিয়ে আদালতের বিচারিক প্রক্রিয়া এখনো চলছে। রায় পাঠ অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার বেলা ৩টায় নেদারল্যান্ডসের দ্য হেগে জাতিসংঘের সর্বোচ্চ আদালত হিসেবে পরিচিত আইসিজে এই রায় ঘোষণা শুরু করেন। ২০১৯ সালের নভেম্বরে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার করা মামলায় এ রায় দেওয়া হচ্ছে। রোহিঙ্গাদের ওপর নির্যাতনের ঘটনায় ১৯৪৮ সালের গণহত্যা সনদ লঙ্ঘনের অভিযোগ এনেছিল দেশটি।
বিজ্ঞাপন
গাম্বিয়ার অভিযোগ, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের মাধ্যমে অন্তত ৭ লাখ ৩০ হাজার মুসলিম রোহিঙ্গাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়। ওই অভিযানে সংঘটিত হত্যাকাণ্ড, ধর্ষণ এবং গ্রাম পুড়িয়ে দেওয়ার ঘটনায় মিয়ানমার রাষ্ট্রীয়ভাবে দায়ী। নির্যাতন থেকে বেঁচে যাওয়া রোহিঙ্গারা এসব ঘটনার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
জাতিসংঘের একটি ফ্যাক্টস ফাইন্ডিং মিশনও ওই সামরিক অভিযানে ‘গণহত্যামূলক কর্মকাণ্ড’ সংঘটিত হওয়ার কথা জানিয়েছিল।
বিজ্ঞাপন
বাংলাদেশে আশ্রয় নেওয়া ১০ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী এই রায়ের দিকে গভীর আগ্রহ নিয়ে তাকিয়ে আছেন। তাদের প্রত্যাশা, আদালতের সিদ্ধান্ত ন্যায়বিচার প্রতিষ্ঠার পথকে এগিয়ে নেবে এবং ভবিষ্যতে নিজ দেশে নিরাপদে ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি করবে।
১৫ বিচারপতির সমন্বয়ে গঠিত আইসিজের এই কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হচ্ছে। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ রায়টি পর্যবেক্ষণ করছেন।
২০১৭ সালের দমন-পীড়ন থেকে আইসিজের মামলা
বিজ্ঞাপন
২০১৭ সালের ২৫ আগস্ট সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) রাখাইন রাজ্যের ৩০টি পুলিশ ফাঁড়ি ও একটি সেনা ঘাঁটিতে হামলা চালায়। পরদিন মিয়ানমারের সেনাবাহিনী ও আরসার মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সংঘাতের মধ্যে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসেন।
ওই বছরের ২ সেপ্টেম্বরের মধ্যে রোহিঙ্গা-অধ্যুষিত এলাকায় ২ হাজার ৬০০টির বেশি ঘরবাড়ি ধ্বংস করা হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ১১ সেপ্টেম্বর জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার সামরিক অভিযানটিকে ‘জাতিগত নিধনের পাঠ্যবইয়ের উদাহরণ’ বলে বর্ণনা করেন।
১৯ সেপ্টেম্বর মিয়ানমারের তৎকালীন নেতা অং সান সু চি মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার প্রতিশ্রুতি দেন। তবে জাতিসংঘের জাতিগত নিধনের অভিযোগ নিয়ে সে সময় তিনি স্পষ্ট কোনো বক্তব্য দেননি।
বিজ্ঞাপন
একই বছরের ১২ ডিসেম্বর আন্তর্জাতিক সংস্থা ডক্টরস উইদাউট বর্ডার্স (এমএসএফ) বাংলাদেশের রোহিঙ্গা শিবিরে পরিচালিত জরিপের ফল প্রকাশ করে। সংস্থাটির হিসাব অনুযায়ী, ২৫ আগস্ট থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত অন্তত ৬ হাজার ৭০০ রোহিঙ্গাকে হত্যা করা হয়। নিহতদের মধ্যে পাঁচ বছরের কম বয়সী শিশুর সংখ্যা ছিল অন্তত ৭৩০।
২০১৮ সালের ১০ জানুয়ারি মিয়ানমারের সেনাবাহিনী রাখাইনের ইন দিন গ্রামে আটক ১০ রোহিঙ্গাকে হত্যার অভিযোগ স্বীকার করে। ওই ঘটনায় সাত সেনাসদস্যকে সাজা দেওয়া হলেও ২০১৯ সালের মে মাসে তাঁদের আগাম মুক্তি দেওয়া হয়।
আইসিজেতে মামলার অগ্রগতি
বিজ্ঞাপন
২০১৯ সালের নভেম্বরে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) ৫৭ সদস্যরাষ্ট্রের পক্ষে মিয়ানমারের বিরুদ্ধে আইসিজেতে মামলা করে গাম্বিয়া।
২০২০ সালের জানুয়ারিতে আদালত অন্তর্বর্তী আদেশ দিয়ে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যামূলক কর্মকাণ্ড প্রতিরোধে মিয়ানমারকে তার সক্ষমতার মধ্যে থাকা সব ধরনের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন।
২০২৩ ও ২০২৪ সালে কানাডা, জার্মানি, যুক্তরাজ্য ও আয়ারল্যান্ডসহ কয়েকটি দেশ গণহত্যা সনদ বিষয়ে নিজেদের ব্যাখ্যা তুলে ধরতে মামলার কার্যক্রমে যুক্ত হওয়ার আবেদন করে। আইসিজে এসব আবেদন গ্রহণ করেন।
বিজ্ঞাপন
২০২৬ সালের জানুয়ারিতে মামলাটির ওপর প্রকাশ্য শুনানি অনুষ্ঠিত হয়। এরপর আদালত রায় প্রস্তুতের কাজ শুরু করেন। গত ৩ নভেম্বর আইসিজে ঘোষণা করে, ১৯ নভেম্বর এ মামলার রায় দেওয়া হবে।
তথ্যসূত্র: এএফপি, বিবিসি।








