বিএসএফ সদস্য কেন ঢুকেছিলেন বাংলাদেশে, জানাল ভারতের কর্মকর্তা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তে অস্ত্রসহ আটক হওয়া ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের সদস্য কীভাবে বাংলাদেশে প্রবেশ করেছিলেন, তার ব্যাখ্যা দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। অনুপ্রবেশকারীদের ধাওয়া করতে গিয়ে অসাবধানতাবশত তিনি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়েছিলেন বলে দাবি করেছেন ভারতের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল জেসি যোগী। সংশ্লিষ্ট বিষয়ে অবগত কর্মকর্তাদের বরাত দিয়ে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে স্থানীয় বাংলাদেশিদের একটি দল ভারতের একটি গ্রামে প্রবেশ করলে এ ঘটনা ঘটে। সীমান্তের ওই এলাকায় কোনো কাঁটাতারের বেড়া নেই এবং উভয় পাশেই মানুষের বসতি রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
বিজ্ঞাপন
নাম প্রকাশ না করার শর্তে এক ভারতীয় কর্মকর্তা জানান, বিএসএফ সদস্য ওই ব্যক্তিদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তারা নির্দেশ অমান্য করে চলে যেতে থাকলে তিনি পায়ে হেঁটে তাদের পিছু নেন। এ সময় তার কাছে প্রাণঘাতী ও প্রাণঘাতী নয়—দুই ধরনের অস্ত্রই ছিল। তবে তিনি কোনো অস্ত্র ব্যবহার করেননি।
ওই কর্মকর্তা আরও দাবি করেন, সীমান্তে বেড়া না থাকায় ধাওয়ার একপর্যায়ে ভুলবশত বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন জেসি যোগী। তখন ওই ব্যক্তিরা তাকে ঘিরে ধরে আটক করেন এবং পরে বিজিবি সদস্যদের কাছে হস্তান্তর করেন। এরপর তাকে সিলেটের বিজিবির বিছনাকান্দি ক্যাম্পে নেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, ঘটনার সময় বিএসএফ সদস্যের কাছে একটি ইনসাস রাইফেল, একটি ওয়াকিটকি এবং প্রাণঘাতী নয় এমন একটি পাম্প-অ্যাকশন বন্দুক ছিল। পতাকা বৈঠকের পর এসব সরঞ্জাম বিএসএফের কাছে ফিরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় আটক বিএসএফ সদস্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
বিজ্ঞাপন
এদিকে, ঊর্ধ্বতন ভারতীয় কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে অনুপ্রবেশকারীদের বাংলাদেশ থেকে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশের বিষয়ে আপত্তি জানায় বিএসএফ। বৈঠক শেষে আটক বিএসএফ সদস্যকে ছেড়ে দেওয়া হয়।








