Logo

নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৯ নভেম্বর, ২০২৬, ২০:০০
নিজেকে বোকা মনে হচ্ছে: ইলন মাস্ক
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের পক্ষে বিপুল অর্থ ব্যয় করেও প্রত্যাশিত ফল না পাওয়ায় নিজের সিদ্ধান্ত নিয়ে আক্ষেপ প্রকাশ করেছেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। নির্বাচনি প্রচারে এত টাকা খরচ করে তেমন কিছু অর্জন করতে না পারায় নিজেকে ‘বেশ বোকা’ মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) নিউইয়র্ক টাইমসের ডিলবুক সামিটে ভার্চুয়ালি যুক্ত হয়ে টেসলা ও স্পেসএক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাস্ক বলেন, ‘এত টাকা খরচ করেও তেমন কিছু না পাওয়ায় নিজেকে বেশ বোকা মনে হচ্ছে।’

তার দাবি, অর্থায়ন না করলে রিপাবলিকান প্রার্থীদের নির্বাচনি ফল আরও খারাপ হতে পারত। তবে এবারের ফলাফল প্রমাণ করেছে, শুধু প্রচারে বিপুল অর্থ ব্যয় করলেই নির্বাচনে জয় নিশ্চিত করা যায় না।

নিজের ব্যয়ের সিদ্ধান্ত নিয়ে মাস্ক বলেন, ‘সময়টা যদি আবার ফিরিয়ে নিতে পারতাম, তাহলে সম্ভবত কম অর্থ ব্যয় করতাম।’

বিজ্ঞাপন

বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, রিপাবলিকান প্রার্থীদের সমর্থন এবং টেক্সাসে দলটির নিয়ন্ত্রণ ধরে রাখার প্রচেষ্টায় প্রায় ৫০ কোটি ডলার ব্যয় করেছেন মাস্ক। টেসলা, স্পেসএক্স এবং প্রতিষ্ঠান দুটির যৌথ পরিকল্পনায় থাকা চিপ উৎপাদন প্রকল্পের কেন্দ্রস্থল টেক্সাস।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এবারের নির্বাচনে কংগ্রেসের উভয় কক্ষেই জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। টেক্সাসে রিপাবলিকান গভর্নর গ্রেগ অ্যাবটকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট প্রার্থী জিনা হিনোজোসা। অন্যদিকে, রাজ্যটির সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী কেন প্যাক্সটনকে হারিয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। এসব ফল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত মাস্ক।

বিজ্ঞাপন

নির্বাচনের পর রিপাবলিকান পার্টির সমর্থকগোষ্ঠী থেকে নিজেকে কিছুটা দূরে রাখার চেষ্টাও করেছেন মাস্ক। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সম্মেলনে তিনি নিজেকে মাগা সমর্থক হিসেবে পরিচয় দিতে অস্বীকৃতি জানান।

মাস্ক বলেন, ‘আমি মাগা সমর্থক নই।’ ট্রাম্পের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ আন্দোলনকে সংক্ষেপে মাগা বলা হয়।

তিনি আরও বলেন, ‘এর অর্থ যদি রিপাবলিকান পার্টির নির্দিষ্ট কিছু নীতির প্রতি অন্ধ আনুগত্য হয়, তাহলে নিশ্চিতভাবেই আমি তা করি না।’

বিজ্ঞাপন

তবে এর আগে নিজেকে মাগা সমর্থক, এমনকি ‘ডার্ক গথিক মাগা’ বলেও পরিচয় দিয়েছিলেন মাস্ক বলে জানিয়েছে নিউইয়র্ক টাইমস।

দুই দলের অবস্থান নিয়ে মাস্ক বলেন, ‘উভয় দলেই ইতিবাচক ও নেতিবাচক দিক রয়েছে।’ নিজের নির্বাচনি প্রচেষ্টার ফলাফল প্রসঙ্গে তিনি স্বীকার করেন, ‘যাই হোক, স্পষ্টতই আমার প্রচেষ্টা ব্যর্থ হয়েছে।’

টেক্সাসে জিনা হিনোজোসার অধীনে নীতিনির্ধারণী কার্যক্রম ভালোই চলবে বলে মনে করেন মাস্ক। হিনোজোসাকে তিনি ‘বেশ মধ্যপন্থি’ এবং ‘চরম বামপন্থি নন’ বলে অভিহিত করেন। নিউইয়র্ক টাইমসের তথ্য অনুযায়ী, টেক্সাসে নতুন ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ বহাল রাখার পক্ষে হিনোজোসা।

বিজ্ঞাপন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতে নিজের পরিকল্পনা নিয়েও কথা বলেন মাস্ক। তার মতে, এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিক স্পেসএক্সের কাছ থেকে কম্পিউটিং সক্ষমতা ভাড়া নেওয়া অব্যাহত রাখার সম্ভাবনা খুবই বেশি। প্রতিষ্ঠানটি এ সক্ষমতা আরও উল্লেখযোগ্য পরিমাণে বাড়াতে চায়।

রয়টার্সের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, অ্যানথ্রপিক স্পেসএক্সের কাছে অতিরিক্ত ১০ গিগাওয়াট সক্ষমতা চাইতে পারে। মাস্কের ভাষ্য, এটিই সবচেয়ে সম্ভাব্য পরিস্থিতি।

সূত্র: আল জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD