Logo

ইলন মাস্কের বিজ্ঞাপন স্থায়ীভাবে নিষিদ্ধ করল টিকটক

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১৭:১৭
ইলন মাস্কের বিজ্ঞাপন স্থায়ীভাবে নিষিদ্ধ করল টিকটক
ছবি: সংগৃহীত

প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে নিয়ে নির্মিত চার ঘণ্টার তথ্যচিত্র ‘মাস্ক’-এর বিজ্ঞাপন প্রচারের অ্যাকাউন্ট স্থায়ীভাবে নিষিদ্ধ করেছে টিকটক। রাজনৈতিক বিষয়বস্তুর কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্ল্যাটফর্মটি। তবে এ বিষয়ে টিকটকের আনুষ্ঠানিক বক্তব্য জানতে যোগাযোগ করেছে প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ।

বিজ্ঞাপন

দ্য হলিউড রিপোর্টারের বরাতে টেকক্রাঞ্চ জানিয়েছে, তথ্যচিত্রটির পরিবেশক ব্লিকার স্ট্রিটকে সম্প্রতি অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করার সিদ্ধান্তের কথা জানায় টিকটক। অস্কারজয়ী নির্মাতা অ্যালেক্স গিবনি পরিচালিত তথ্যচিত্রটিতে ইলন মাস্কের জীবন ও কর্মকাণ্ড তুলে ধরা হয়েছে।

এর আগে তথ্যচিত্রটির ট্রেলার প্রচারের বিজ্ঞাপন প্রত্যাখ্যান করেছিল মেটা ও ইউটিউব। পরে অবশ্য উভয় প্ল্যাটফর্মই বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেয়। মেটা জানিয়েছিল, তাদের সিদ্ধান্তটি একটি ত্রুটির কারণে হয়েছিল।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সেও তথ্যচিত্রটির বিজ্ঞাপন প্রচারের অনুমতি দেওয়া হয়নি। অন্যদিকে, টিকটকের যুক্তরাষ্ট্রের কার্যক্রমের মালিকানায় আংশিক অংশীদারত্ব রয়েছে ল্যারি এলিসনের প্রতিষ্ঠানের। এলিসন ও মাস্ক দুজনই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উল্লেখযোগ্য সমর্থক হিসেবে পরিচিত।

বিজ্ঞাপন

তথ্যচিত্রটি গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের মাত্র চারটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়। পরে আরও বিস্তৃত পরিসরে এর প্রদর্শন শুরু হয়েছে। আগামী বছর এইচবিওতে তথ্যচিত্রটি স্ট্রিমিংয়ের জন্য আসার কথা রয়েছে। এইচবিও বর্তমানে প্যারামাউন্ট-স্কাইড্যান্সের অংশ। প্রতিষ্ঠানটির নেতৃত্বে রয়েছেন ল্যারি এলিসনের ছেলে ডেভিড এলিসন।

সামাজিক যোগাযোগমাধ্যমে রাজনৈতিক বিষয়বস্তু ও বিজ্ঞাপন নিয়ন্ত্রণ নিয়ে বিতর্কের মধ্যে তথ্যচিত্রটির প্রচারে একাধিক প্ল্যাটফর্মের বাধা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। তবে বিজ্ঞাপন প্রত্যাখ্যান বা নিষিদ্ধ করার ক্ষেত্রে সংশ্লিষ্ট প্ল্যাটফর্মগুলো কী নীতিমালা প্রয়োগ করেছে, সে বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD