Logo

মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরায়েলিদের কঠোর শাস্তি চায় যুক্তরাষ্ট্র

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১৪:৫৫
মার্কিন সাংবাদিকের ওপর হামলা, ইসরায়েলিদের কঠোর শাস্তি চায় যুক্তরাষ্ট্র
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সাংবাদিক হেইডি লেভিনের ওপর ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার ঘটনায় কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েলকে সহিংস বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (১৬ অক্টোবর) পশ্চিম তীরে এ হামলার ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

মেরিল্যান্ডের জয়েন্ট বেস অ্যান্ড্রুজে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় রুবিও জানান, হামলার ছবি দেখে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন গভীরভাবে উদ্বিগ্ন। ঘটনার বিষয়ে তখনো আনুষ্ঠানিক ব্রিফিং না পেলেও যেসব ছবি তিনি দেখেছেন, সেগুলো ‘মোটেও ভালো মনে হয়নি’ বলে মন্তব্য করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

রুবিও বলেন, এ ধরনের সহিংসতা বন্ধে ইসরায়েলকে কঠোর পদক্ষেপ নিতে হবে। অধিকৃত পশ্চিম তীরে কোনো ধরনের ‘টানাপোড়েন’ বা ‘সংকট’ সৃষ্টি হোক, তা প্রেসিডেন্ট ট্রাম্প চান না বলেও জানান তিনি।

ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে ওয়াশিংটনের প্রত্যাশার কথা ইসরায়েলকে জানানো হবে উল্লেখ করে রুবিও বলেন, এই মুহূর্তে আমাদের এমন পরিস্থিতির প্রয়োজন নেই। ইসরায়েলেরও এখন এটি প্রয়োজন নেই।

বিজ্ঞাপন

ওয়াশিংটন পোস্টের আলোকচিত্রী হেইডি লেভিন শুক্রবার পশ্চিম তীরের আবু ফালাহ এলাকার কাছে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হন। এ ঘটনায় তাঁর সঙ্গে আরও একজন আহত হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পরে সাংবাদিকদের কাছে হামলার ভয়াবহ অভিজ্ঞতার কথা তুলে ধরেন লেভিন। তিনি জানান, শরীরে প্রতিরক্ষামূলক পোশাক এবং মাথায় হেলমেট না থাকলে হয়তো তিনি প্রাণে বাঁচতেন না। তিনি জানান, হামলাকারীরা তাঁকে বারবার লাথি মারছিলেন।

হামলায় গুরুতর আহত লেভিনের একটি আঙুলে অস্ত্রোপচার করা হয়েছে। আঙুলটি প্রায় হাত থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার উপক্রম হয়েছিল বলে জানিয়েছেন তাঁর মেয়ে অ্যাশলি মিলনার।

বিজ্ঞাপন

বার্তা সংস্থা এপিকে মিলনার জানান, তাঁর মায়ের একটি পাঁজরের হাড় ভেঙেছে। এ ছাড়া মেরুদণ্ডের একাধিক হাড়ে চিড় ধরেছে এবং শরীরের বিভিন্ন স্থানে কেটে যাওয়ার ক্ষত রয়েছে।

এর আগে লেভিন বলেছিলেন, ‘প্রেস’ লেখা হেলমেট ও প্রতিরক্ষামূলক পোশাক তাঁকে আরও গুরুতর আঘাত থেকে রক্ষা করেছে বলে তাঁর ধারণা।

পশ্চিম তীরে সাংবাদিকের ওপর এই হামলার ঘটনায় সংবাদকর্মীদের নিরাপত্তা এবং বসতি স্থাপনকারীদের সহিংসতা নিয়ন্ত্রণে ইসরায়েলের ভূমিকা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হলেও এ ঘটনায় ইসরায়েল কী পদক্ষেপ নেবে, তা এখনো স্পষ্ট নয়।

বিজ্ঞাপন

সূত্র: আল-জাজিরা

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD