Logo

পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলার

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৮ অক্টোবর, ২০২৬, ১৩:৪৩
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর হামলার
ছবি: সংগৃহীত

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জলপাই সংগ্রহ কার্যক্রম পর্যবেক্ষণে গিয়ে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলার শিকার হয়েছেন ইউরোপীয় কূটনীতিকদের একটি দল। আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ফ্রান্সের একজন মেয়রও রয়েছেন। শনিবার (১৭ অক্টোবর) ফিলিস্তিনের তাইবেহ গ্রামের কাছে এ ঘটনা ঘটে। এর আগের দিন রামাল্লাহর উত্তরে এক মার্কিন সাংবাদিকের ওপরও হামলার অভিযোগ উঠেছিল ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী ম্যাক্সিম প্রেভো জানান, শনিবারের ঘটনায় বেলজিয়ামের কনসাল জেনারেল, ফ্রান্স ও পোল্যান্ডের কূটনীতিক এবং ক্যাথলিক প্রতিনিধিদের লক্ষ্যবস্তু করা হয়। এ সময় ফ্রান্সের একজন মেয়র আক্রান্ত হন এবং বেলজিয়ামের একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।

প্রেভো এ ঘটনার জন্য ইসরায়েলের ‘অবৈধ বসতি স্থাপন নীতিকে’ দায়ী করেন। একই সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আরও নিষেধাজ্ঞা আরোপের জন্য চাপ দেওয়ার কথা জানান তিনি।

হামলার শিকার ফরাসি মেয়র বার্নার্ড বোদু বার্তা সংস্থা এএফপিকে বলেন, এ ঘটনা থেকে মনে হয়, বসতি স্থাপনকারীদের সহিংসতার প্রতি ইসরায়েলি সরকারের একধরনের সহনশীলতা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

ভিডিওতে হামলা ও ভাঙচুরের দৃশ্য

ঘটনাস্থলে থাকা কর্মী অমিত ওরফালি প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, ধুলোমাখা মাটিতে বসে একটি গাড়িতে হেলান দিয়ে আছেন বোদু। অন্য একটি ভিডিওতে মুখোশ পরা কয়েকজন তরুণকে গাড়ির চালকের পাশের জানালায় বারবার আঘাত করতে এবং গাড়িতে থাকা ব্যক্তিদের পরিচয় জানতে চাইতে দেখা যায়। দূরে লাঠি হাতে আরও কয়েকজন মুখোশধারীকে এগিয়ে আসতেও দেখা যায়।

বিজ্ঞাপন

ওরফালির দাবি, হামলাকারীরা তাদের হত্যার হুমকি দিয়েছিলেন।

আল-জাজিরার সাংবাদিক নূর ওদেহ রামাল্লাহ থেকে জানান, বসতি স্থাপনকারীরা কূটনীতিকদের গাড়ি ঘিরে ধরে পাথর ছোড়েন এবং জানালা ভাঙচুর করেন।

হামলার নিন্দা, বিচারের দাবি ফ্রান্সের

বিজ্ঞাপন

ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যঁ-নোয়েল বারো ইসরায়েলকে ‘চরমপন্থি বসতি স্থাপনকারীদের’ গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার আহ্বান জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, বোদুর ওপর সহিংস হামলা চালানো হয়েছে। এ ধরনের অপরাধমূলক সহিংসতা অবিলম্বে বন্ধ করতে হবে এবং বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক আইনের অধীনে ইসরায়েল এ দায়িত্ব পালনে বাধ্য বলেও উল্লেখ করেন তিনি।

বেলজিয়ামও এ হামলার নিন্দা জানিয়েছে। অন্যদিকে, ঘটনার তদন্ত শুরু করেছে ইসরায়েলি পুলিশ।

বিজ্ঞাপন

জলপাই সংগ্রহের মৌসুমে সহিংসতা নিয়ে উদ্বেগ

অধিকৃত পশ্চিম তীরে জলপাই সংগ্রহ ফিলিস্তিনিদের জীবিকা ও ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ। তবে এই মৌসুমে ফিলিস্তিনিদের লক্ষ্য করে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের সংঘবদ্ধ হামলা ও সহিংসতার ঘটনা অব্যাহত থাকার অভিযোগ রয়েছে।

এমন পরিস্থিতিতে জলপাই সংগ্রহ কার্যক্রম দেখতে যাওয়া ইউরোপীয় প্রতিনিধিদলের ওপর হামলার ঘটনা আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।

বিজ্ঞাপন

হামলার অভিযোগ নিয়ে প্রশ্ন নেতানিয়াহুর কার্যালয়ের

ইউরোপীয় প্রতিনিধিদলের ওপর হামলার খবর নিয়ে প্রশ্ন তুলেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ঘটনাটিকে ‘অভিযোগ’ হিসেবে উল্লেখ করে এর পক্ষে জোরালো প্রমাণ প্রয়োজন বলে জানানো হয়েছে।

তবে একই বিবৃতিতে ঘটনাটির ভিডিও প্রকাশিত হওয়ার বিষয়টিও স্বীকার করা হয়েছে।

বিজ্ঞাপন

এ ঘটনায় হামলাকারীদের শনাক্ত করা, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এবং পশ্চিম তীরে বেসামরিক নাগরিক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।

সূত্র: আল-জাজিরা

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD