Logo

বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ অক্টোবর, ২০২৬, ১৬:৪৪
বাংলাদেশে স্টারলিংক মোবাইল সেবা চালু, উচ্ছ্বাস প্রকাশ ইলন মাস্কের
ছবি: সংগৃহীত

বাংলাদেশে স্টারলিংকের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে স্পেসএক্সের বাণিজ্যিক বিক্রয় বিভাগের প্রধান স্টেফানি বেডনারেকের একটি পোস্ট পুনঃপ্রকাশ করে তিনি লেখেন, ‘Starlink connecting Bangladesh!’

বিজ্ঞাপন

নিজের অফিসিয়াল এক্স অ্যাকাউন্টের আরেক পোস্টে মাস্ক লিখেছেন, ‘Starlink Mobile now available in Bangladesh!’

স্টেফানি বেডনারেক জানান, স্টারলিংক মোবাইলের মাধ্যমে বাংলাদেশের লাখো মানুষ অতিরিক্ত সংযোগ সুবিধা পাবেন। বিশেষ করে যেসব এলাকায় প্রচলিত মোবাইল নেটওয়ার্ক পৌঁছায় না, সেসব অঞ্চলে এই প্রযুক্তি বিকল্প যোগাযোগের সুযোগ তৈরি করবে।

স্টারলিংক জানিয়েছে, মোবাইল অপারেটর বাংলালিংকের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে বাংলাদেশে তাদের স্যাটেলাইট-টু-মোবাইল সেবা চালু হয়েছে। এর ফলে প্রচলিত সেলুলার নেটওয়ার্কের বাইরে থাকা ব্যবহারকারীরাও নির্দিষ্ট সুবিধার মাধ্যমে বার্তা পাঠানো, অবস্থান শেয়ার করা এবং যোগাযোগ বজায় রাখার সুযোগ পাবেন।

বিজ্ঞাপন

এই সেবা বিশেষ করে উপকূলীয় ও প্রত্যন্ত এলাকার বাসিন্দা, জেলে, সমুদ্রে কর্মরত ব্যক্তি, ভ্রমণকারী এবং দুর্গম অঞ্চলে কাজ করা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। প্রচলিত মোবাইল নেটওয়ার্কের কাভারেজ না থাকলেও সংযুক্ত থাকার সুযোগ তৈরি করাই এর অন্যতম লক্ষ্য।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জরুরি পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ কিংবা দীর্ঘ সময় বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রচলিত যোগাযোগব্যবস্থা ব্যাহত হলে বিকল্প সংযোগ হিসেবেও সেবাটি কাজে লাগতে পারে। বাংলাদেশের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের গভীর সমুদ্র এলাকাতেও এর ব্যবহার সম্ভাবনা রয়েছে।

স্টারলিংক জানিয়েছে, সামঞ্জস্যপূর্ণ ৪জি স্মার্টফোন ও বাংলালিংক সিম ব্যবহারকারীরা প্রচলিত মোবাইল নেটওয়ার্কের বাইরে থেকেও নির্দিষ্ট অ্যাপ ও লোকেশনভিত্তিক সেবা ব্যবহারের সুযোগ পাবেন। প্রতিষ্ঠানটির দাবি, দক্ষিণ এশিয়ায় এ ধরনের সেবা চালুর ক্ষেত্রে বাংলাদেশে এটি প্রথম উদ্যোগ।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD