হুথি হামলার শঙ্কায় রিয়াদের ৯৯তলা বিশিষ্ট কিংডম সেন্টার বন্ধ ঘোষণা

ইয়েমেনের ইরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ক্রমবর্ধমান হামলার আশঙ্কায় সৌদি আরবের রাজধানী রিয়াদের ৯৯ তলাবিশিষ্ট কিংডম সেন্টারের সব অফিসকে হোম অফিসের নির্দেশ দেওয়া হয়েছে। রোববার থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ভবনটির অফিসগুলোকে বাসা থেকে কার্যক্রম পরিচালনা করতে বলা হয়েছে। তবে ভবনটির নিচের শপিংমল খোলা রয়েছে।
বিজ্ঞাপন
ভবনটির ভাড়াটেদের কাছে পাঠানো এক ই-মেইল বার্তায় অফিস ব্যবস্থাপনা কর্তৃপক্ষ নির্ধারিত সময়ের মধ্যে অফিসে না আসার অনুরোধ জানিয়েছে।
এদিকে, সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হুথিদের সম্ভাব্য হামলার বিষয়ে নিজেদের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর বিমান চলাচল স্থগিত থাকায় আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বাড়তি সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে দেশটি।
শনিবার জারি করা এক নিরাপত্তা সতর্কবার্তায় সৌদি আরবে অবস্থিত মার্কিন মিশন সম্ভাব্য বিমানবন্দর হামলা, আকাশসীমা বন্ধ হয়ে যাওয়া, ফ্লাইট বাতিল এবং অন্যান্য ভ্রমণসংক্রান্ত বিঘ্নের বিষয়ে নাগরিকদের সতর্ক করে।
বিজ্ঞাপন
মার্কিন মিশনের সতর্কবার্তা অনুযায়ী, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম এখনো স্থগিত রয়েছে। তবে জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর এবং দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দর চালু রয়েছে। যদিও এই দুই বিমানবন্দরেও কিছু ফ্লাইটের উড্ডয়ন ও অবতরণ বিলম্বিত হচ্ছে এবং ফ্লাইট বাতিলের ঘটনা ঘটছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
সৌদি আরবের বিমানবন্দরগুলো দিয়ে ভ্রমণের পরিকল্পনা করা মার্কিন নাগরিকদের যাত্রার আগে সতর্ক থাকতে এবং ফ্লাইটের সর্বশেষ অবস্থা জানতে সরাসরি সংশ্লিষ্ট এয়ারলাইনস ও বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।
এ ছাড়া আরও হামলার আশঙ্কা এবং ফ্লাইটের সময়সূচি বা আকাশসীমার প্রাপ্যতায় আকস্মিক পরিবর্তনের বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
একই সঙ্গে সৌদি আরবের সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের মোবাইল ফোনে পাঠানো জরুরি সতর্কবার্তা অনুসরণ করতে নাগরিকদের আহ্বান জানিয়েছে মার্কিন মিশন।
সূত্র: এএফপি।








