Logo

আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ে উচ্ছ্বাস, ঘরে ফেরার অপেক্ষায় রোহিঙ্গারা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৬:২১
আন্তর্জাতিক আদালতের ঐতিহাসিক রায়ে উচ্ছ্বাস, ঘরে ফেরার অপেক্ষায় রোহিঙ্গারা
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ে মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে দীর্ঘ আইনি লড়াইয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। সাত বছরের বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের সিদ্ধান্তে রোহিঙ্গাদের ওপর সংঘটিত নৃশংসতার দায়ে মিয়ানমারের আন্তর্জাতিক আইনি বাধ্যবাধকতা এবং জবাবদিহির বিষয়টি গুরুত্ব পেয়েছে। একই সঙ্গে রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিগত পরিচয়ও উঠে এসেছে আদালতের পর্যবেক্ষণে। এ রায়ে নতুন করে নিজ দেশে ফিরে যাওয়ার স্বপ্ন দেখছেন বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গারা।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) নেদারল্যান্ডসের দ্য হেগে আন্তর্জাতিক বিচার আদালতের রায় ঘোষণাকে কেন্দ্র করে কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা শিবিরে উৎসুক মানুষের সমাগম ঘটে। বিশেষ করে জামতলী এলাকার ১৫ নম্বর ক্যাম্পে বিকেল ৩টার আগেই কয়েক শ রোহিঙ্গা জড়ো হন। আদালতের সিদ্ধান্ত সরাসরি জানতে অনেকে মাঠে স্থাপিত বড় পর্দার সামনে অবস্থান নেন। জায়গা না পেয়ে কেউ কেউ সড়ক ও আশপাশের খোলা জায়গায় দাঁড়িয়ে রায় শোনার অপেক্ষা করেন।

রায় ঘোষণা শুরু হওয়ার পর ক্যাম্পজুড়ে নেমে আসে নীরবতা। বড় পর্দায় আদালতের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন উপস্থিত রোহিঙ্গারা। অনেকে নিজেদের মুঠোফোনেও সরাসরি সম্প্রচার দেখেন।

এ সময় তাদের হাতে ছিল বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড। গাম্বিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি নিজ দেশে প্রত্যাবর্তন, গণহত্যা বন্ধ এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি তুলে ধরেন তারা।

বিজ্ঞাপন

আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় রোহিঙ্গাদের হত্যা, গুরুতর শারীরিক ও মানসিক ক্ষতি এবং জনগোষ্ঠীটির একটি উল্লেখযোগ্য অংশকে ধ্বংস করার উদ্দেশ্যে বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছিল। এসব কর্মকাণ্ডের মাধ্যমে গণহত্যা প্রতিরোধ ও শাস্তি প্রদানবিষয়ক আন্তর্জাতিক কনভেনশনের বাধ্যবাধকতা লঙ্ঘনের বিষয়টি উঠে এসেছে।

এ ছাড়া গণহত্যা প্রতিরোধ, অপরাধীদের শাস্তি এবং এ ধরনের অপরাধের তথ্যপ্রমাণ সংরক্ষণের ক্ষেত্রে মিয়ানমার যথাযথ দায়িত্ব পালন করেনি বলেও আদালত পর্যবেক্ষণ করেছেন।

রায় ঘোষণার পর উচ্ছ্বাস প্রকাশ করেন রোহিঙ্গা শিবিরের বাসিন্দারা। ১৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা জমিল উদ্দিন বলেন, দীর্ঘদিন ধরে ন্যায়বিচারের যে প্রত্যাশা নিয়ে অপেক্ষা করছেন রোহিঙ্গারা, আদালতের এই সিদ্ধান্ত সেই লক্ষ্যে গুরুত্বপূর্ণ অগ্রগতি। এ সময় রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ায় বাংলাদেশ সরকারের প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।

বিজ্ঞাপন

একই সঙ্গে আন্তর্জাতিক আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করার উদ্যোগ নেওয়ায় গাম্বিয়া সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন জমিল উদ্দিন। তার মতে, গাম্বিয়ার আইনি উদ্যোগের কারণেই রোহিঙ্গাদের ওপর সংঘটিত নির্যাতনের বিষয়টি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে গুরুত্ব পেয়েছে।

আদালতের সিদ্ধান্ত নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ৪৮ বছর বয়সী রোহিঙ্গা মো. সোয়েব। তার অভিযোগ, মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর পরিকল্পিত অভিযানে প্রায় ১০ হাজার রোহিঙ্গা নিহত হন। এ সময় নারীদের ওপর যৌন সহিংসতা এবং শিশুদের ওপর নির্যাতন চালানো হয়।

সোয়েবের দাবি, আন্তর্জাতিক আদালত এসব ঘটনার সাক্ষ্য ও তথ্যপ্রমাণ গুরুত্বের সঙ্গে বিবেচনা করেছেন। আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) কর্মকাণ্ডকে সামনে রেখে মিয়ানমার সামরিক অভিযানের পক্ষে যে যুক্তি দিয়েছিল, তা আদালতের কাছে গ্রহণযোগ্য হয়নি বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

রোহিঙ্গাদের স্বতন্ত্র জাতিসত্তার বিষয়টি আদালতের পর্যবেক্ষণে গুরুত্ব পাওয়াকে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ইউনাইটেড কাউন্সিল অব রোহিঙ্গার সভাপতি সৈয়দ উল্লাহ (৪৩)।

তিনি বলেন, রোহিঙ্গাদের নিজস্ব ইতিহাস, সংস্কৃতি, ঐতিহ্য, ধর্মীয় রীতিনীতি ও স্বতন্ত্র জাতিগত পরিচয় রয়েছে। দীর্ঘদিন ধরে এই পরিচয়ের আন্তর্জাতিক স্বীকৃতি চেয়ে আসছেন তারা। আদালতের পর্যবেক্ষণে বিষয়টি গুরুত্ব পাওয়ায় রোহিঙ্গাদের অধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।

তবে শুধু আদালতের রায় পেলেই সমস্যার সমাধান হবে না বলে মনে করেন সৈয়দ উল্লাহ। তার মতে, এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো রায়ের বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিরাপদে মিয়ানমারে ফেরার উপযুক্ত পরিবেশ তৈরি করা।

বিজ্ঞাপন

এ জন্য বাংলাদেশ সরকার, আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংগঠন, গণমাধ্যম, সুশীল সমাজ এবং রোহিঙ্গা প্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলে মনে করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক রাজনীতির প্রভাবকেও বড় বাধা হিসেবে দেখছেন এই নেতা। তার অভিযোগ, বিভিন্ন পক্ষ নিজেদের স্বার্থে দীর্ঘদিন ধরে রোহিঙ্গা ইস্যুকে ব্যবহার করছে। তাই আদালতের সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যকর আন্তর্জাতিক চাপ তৈরি করা জরুরি।

অন্যদিকে, আন্তর্জাতিক আদালতের রায়কে গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখলেও এর বাস্তবায়ন নিয়ে চ্যালেঞ্জ রয়েছে বলে মনে করছেন শরণার্থী বিশেষজ্ঞ আসিফ মুনীর।

বিজ্ঞাপন

তিনি বলেন, আদালতের সিদ্ধান্তে রোহিঙ্গাদের ওপর সংঘটিত গণহত্যার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি মিয়ানমারের আদি অধিবাসী হিসেবে রোহিঙ্গাদের পরিচয় ও স্বতন্ত্র জাতিগত বৈশিষ্ট্যও আলোচনায় এসেছে। নাগরিক অধিকার এবং অন্যান্য মৌলিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার ক্ষেত্রে এসব বিষয় তাৎপর্যপূর্ণ।

আসিফ মুনীরের মতে, আন্তর্জাতিক বিচার আদালতের রায় আইনগতভাবে বাধ্যতামূলক। মিয়ানমার এর আগে বিচারিক প্রক্রিয়ায় অংশ নিয়েছে এবং আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদনও জমা দিয়েছে। ফলে নতুন সিদ্ধান্ত পুরোপুরি উপেক্ষা করা দেশটির জন্য সহজ হবে না।

তবে মিয়ানমারের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং দেশটির সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর একটি অংশের রোহিঙ্গাবিরোধী মনোভাব প্রত্যাবাসনের ক্ষেত্রে বড় প্রতিবন্ধকতা হয়ে উঠতে পারে বলে মনে করেন তিনি।

বিজ্ঞাপন

এই বিশেষজ্ঞ আরও বলেন, বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে সমন্বয় বাড়ানো প্রয়োজন। আন্তর্জাতিক অঙ্গনে নিজেদের দাবি তুলে ধরতে একটি সুসংগঠিত ও প্রতিনিধিত্বশীল কাঠামো গড়ে তোলা জরুরি।

পাশাপাশি মিয়ানমারের বিরোধী রাজনৈতিক শক্তি, ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি) এবং আরাকান আর্মিসহ সংশ্লিষ্ট পক্ষগুলো আদালতের সিদ্ধান্তকে কীভাবে গ্রহণ করে, সেটিও গুরুত্বপূর্ণ। দেশটির চলমান সংঘাত বন্ধ না হলে রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের পরিবেশ তৈরি করা কঠিন হবে।

রায় ঘোষণার পর শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) মো. মিজানুর রহমান একে রোহিঙ্গাদের জন্য ঐতিহাসিক অর্জন হিসেবে উল্লেখ করেন। তার মতে, দীর্ঘদিন ধরে তাদের ওপর চলা অবিচারের বিষয়টি আন্তর্জাতিকভাবে গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন

তিনি মনে করেন, এই সিদ্ধান্তের ফলে রোহিঙ্গা সংকট আবারও আন্তর্জাতিক আলোচনায় বিশেষ গুরুত্ব পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। বিশেষ করে প্রভাবশালী দেশগুলোর কাছে প্রত্যাবাসন ও নাগরিক অধিকারের বিষয়গুলো নতুন করে তুলে ধরার পথ তৈরি হয়েছে।

মিজানুর রহমান বলেন, আদালতের সিদ্ধান্ত কার্যকর করতে বাংলাদেশকে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে যোগাযোগ আরও জোরদার করতে হবে। পাশাপাশি মিয়ানমারের সঙ্গে কূটনৈতিক আলোচনা অব্যাহত রাখা এবং রোহিঙ্গাদের স্বদেশে ফেরার প্রস্তুতি নেওয়াও প্রয়োজন।

উল্লেখ্য, ২০১৯ সালে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতে মিয়ানমারের বিরুদ্ধে মামলা করে পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া। দীর্ঘ শুনানি ও বিচারিক কার্যক্রম শেষে ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত পিস প্যালেসে আদালতের সভাপতি বিচারক ইউজি ইওয়াসাওয়া রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

রায়ে গণহত্যার সঙ্গে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের তদন্ত এবং প্রয়োজন অনুযায়ী বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে মিয়ানমারকে। একই সঙ্গে এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর পদক্ষেপ গ্রহণের কথাও বলা হয়েছে।

এ ছাড়া বাস্তুচ্যুত রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছায় ও মর্যাদাপূর্ণভাবে নিজ এলাকায় ফেরার সুযোগ সৃষ্টি এবং বিচ্ছিন্ন পরিবারগুলোর পুনর্মিলন নিশ্চিত করার বিষয়েও নির্দেশনা দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত সম্পত্তি ফিরিয়ে দেওয়া এবং যেসব ক্ষতি সম্পত্তি ফেরতের মাধ্যমে পূরণ করা সম্ভব নয়, সেসব ক্ষেত্রে ক্ষতিপূরণ দেওয়ার বাধ্যবাধকতাও নির্ধারণ করা হয়েছে।

ক্ষতিপূরণের পরিমাণ ও প্রদানের পদ্ধতি পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় নির্ধারিত হবে। এ বিষয়ে গৃহীত পদক্ষেপ এবং ক্ষতিপূরণসংক্রান্ত তথ্য জানিয়ে দুই বছরের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে মিয়ানমারকে।

আরও পড়ুন

আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্তে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের মধ্যে নতুন আশার সঞ্চার হলেও বাস্তব প্রত্যাবাসনের পথ এখনো কঠিন। রায়ের কার্যকর বাস্তবায়ন, নাগরিক অধিকার ফিরে পাওয়া এবং রাখাইনে নিরাপদে বসবাসের নিশ্চয়তা নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

বছরের পর বছর নিজভূমি থেকে বিচ্ছিন্ন রোহিঙ্গারা তাই অপেক্ষায় রয়েছেন—আন্তর্জাতিক আদালতের এই সিদ্ধান্ত কবে বাস্তবে তাদের স্বদেশে ফেরার পথ খুলে দেবে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD