Logo

টোল দিতে আর থামতে হবে না, ঈদের আগেই চালু হচ্ছে অভিন্ন ব্যবস্থা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ২১:০৮
টোল দিতে আর থামতে হবে না, ঈদের আগেই চালু হচ্ছে অভিন্ন ব্যবস্থা
ছবি: সংগৃহীত

দেশের সব সেতু, ফ্লাইওভার ও টোল প্লাজায় একই পদ্ধতিতে টোল পরিশোধের ব্যবস্থা চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই ব্যবস্থায় একটি অ্যাপ, সফটওয়্যার কিংবা অ্যাকাউন্ট ব্যবহার করেই দেশের বিভিন্ন স্থানে টোল দেওয়া যাবে। আগামী পবিত্র ঈদুল ফিতরের আগেই সেবাটি চালু করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) রাজধানীর তেজগাঁওয়ে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক কর্মশালায় তিনি এ তথ্য জানান। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়। যোগাযোগ খাতের পেশাদার সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স ফর রেল অ্যান্ড রোড’ (আরআরআর)-এর সদস্যদের তিন মন্ত্রণালয়ের কার্যক্রম সম্পর্কে অবহিত করাই ছিল এর উদ্দেশ্য।

মোহাম্মদ আবদুর রউফ বলেন, ইউনিফায়েড ন্যাশনাল ইটিসি (ইউওএনএফ) ফ্রেমওয়ার্কের আওতায় সারা দেশে একই টোল সিস্টেমের মতো প্রত্যেকটা টোল সিস্টেমে যেন একই অ্যাপস, সফটওয়্যার বা একটি অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করা যায়, সে লক্ষ্যে কাজ চলছে।

তিনি জানান, রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভার, চট্টগ্রামের শহীদ ওয়াসিম আকরাম ফ্লাইওভার, পদ্মা, যমুনা, কর্ণফুলী ও মুক্তারপুর সেতুর টোল প্লাজাগুলো এপিআইয়ের মাধ্যমে পরস্পরের সঙ্গে যুক্ত করা হবে। এপিআই এমন একটি প্রযুক্তি, যার মাধ্যমে দুটি ভিন্ন সফটওয়্যার বা অ্যাপ্লিকেশনের মধ্যে তথ্য আদান-প্রদান ও যোগাযোগ করা যায়।

বিজ্ঞাপন

সেতু বিভাগের সচিব জানান, কেন্দ্রীয়ভাবে সফটওয়্যার ও অ্যাপ তৈরি করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ। পরে দরপত্রের মাধ্যমে দুটি পেমেন্ট সার্ভিস অপারেটর (পিএসও) নিয়োগ দেওয়া হবে। ডিসেম্বর নাগাদ সফটওয়্যার পাওয়া গেলে আগামী রোজার ঈদের আগেই এ সেবা চালু করা সম্ভব হবে বলে আশা করছেন তারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

নতুন ব্যবস্থায় টোলের অর্থ স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট সংস্থার হিসাবে জমা হবে জানিয়ে তিনি বলেন, এপিআই যুক্ত থাকলে যে যানবাহন যেখানে যাবে, সে বিভাগ সে টাকা পাবে। যেমন—সেতুর টাকা সেতুর অ্যাকাউন্টে, সড়কের টাকা সড়কের অ্যাকাউন্টে স্বচ্ছতা ও রিয়েল-টাইম ডেটাসহ জমা হবে।

বিজ্ঞাপন

তবে এ ব্যবস্থা কার্যকর করতে সব টোল প্লাজায় একই স্পেসিফিকেশনের রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন (আরএফআইডি) রিডার, অটোমেটিক নম্বর প্লেট রিকগনিশন ক্যামেরাসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি স্থাপন করতে হবে। এ জন্য টেকনিক্যাল কমিটি অভিন্ন স্পেসিফিকেশন নির্ধারণ করেছে বলেও জানান তিনি।

ঘরে বসেই করা যাবে নিবন্ধন

বর্তমানে বিভিন্ন সংস্থার টোল ব্যবস্থায় স্বয়ংক্রিয়ভাবে অর্থ পরিশোধ করতে আলাদাভাবে নিবন্ধন করতে হয়। নতুন পদ্ধতিতে এ ভোগান্তি থাকবে না বলে জানিয়েছেন সেতু বিভাগের সচিব।

বিজ্ঞাপন

তিনি জানান, গাড়ির মালিক ঘরে বসেই মোবাইল অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে পারবেন। এ ক্ষেত্রে প্রয়োজনীয় মূল তথ্য সংগ্রহ করা হবে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) সার্ভার থেকে। পাশাপাশি আরএফআইডি ট্যাগ ও রিড ক্যাপাসিটিসংক্রান্ত সমস্যাগুলো সমাধানের উদ্যোগ নেওয়া হচ্ছে।

নতুন ব্যবস্থার আওতাভুক্ত টোল প্লাজাগুলোতে যানবাহনকে টোল দেওয়ার জন্য থামতে হবে না। বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস), ব্যাংক এবং ভিসা কার্ডের মতো বাংলাদেশ ব্যাংক স্বীকৃত বিভিন্ন পেমেন্ট মাধ্যম যুক্ত করে একটি ওয়ালেটের মাধ্যমে অর্থ পরিশোধ করা যাবে।

এতে ঘণ্টায় ৪০ থেকে ৮০ কিলোমিটার গতিতে চললেও টোল প্লাজায় গাড়ি থামানোর প্রয়োজন হবে না। যানবাহন টোল প্লাজা অতিক্রম করার সময় স্বয়ংক্রিয়ভাবে সংশ্লিষ্ট ওয়ালেট থেকে নির্ধারিত অর্থ কেটে নেওয়া হবে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD