৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা, বিনামূল্যে চশমা বিতরণ

জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সরকারি বিভিন্ন দপ্তরের প্রায় ৩০০ চালকের দৃষ্টিশক্তি পরীক্ষা এবং বিনামূল্যে চশমা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। সড়কে দুর্ঘটনার ঝুঁকি কমানো এবং চালকদের দৃষ্টিশক্তির সমস্যা শনাক্ত করতেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মিনি কনফারেন্স কক্ষে কর্মসূচিটির উদ্বোধন করা হয়। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং ভিশনস্প্রিং বাংলাদেশের যৌথ উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আয়োজকদের তথ্য অনুযায়ী, রাষ্ট্রপতির কার্যালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগসহ মোট ৩৯টি মন্ত্রণালয়ের চালকদের এ কর্মসূচির আওতায় আনা হবে। পরীক্ষায় যাঁদের দৃষ্টিশক্তির সমস্যা শনাক্ত হবে, তাঁদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে চশমা দেওয়া হবে।
পাঁচ দিনব্যাপী এ কার্যক্রম চলবে ১৮ ও ১৯ অক্টোবর এবং ২৫ থেকে ২৭ অক্টোবর পর্যন্ত। নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি কার্যালয়ের চালকদের চোখ পরীক্ষা করা হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এবং সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব ড. মোহাম্মদ জিয়াউল হক। এ ছাড়া ভিশনস্প্রিং বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মিশা মাহজাবিন অনুষ্ঠানে অংশ নেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
আয়োজকরা জানান, নিরাপদে যানবাহন চালানোর জন্য চালকদের স্বাভাবিক ও স্পষ্ট দৃষ্টিশক্তি থাকা অত্যন্ত জরুরি। চোখের সমস্যার কারণে সড়কে দুর্ঘটনার আশঙ্কা বাড়তে পারে। তাই চালকদের দৃষ্টিশক্তি পরীক্ষা, প্রয়োজনীয় চশমা সরবরাহ এবং স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধির মাধ্যমে সড়ক নিরাপত্তা জোরদার করাই এ উদ্যোগের প্রধান উদ্দেশ্য।
বিজ্ঞাপন
সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে চালকদের শারীরিক সুস্থতা ও কর্মক্ষমতার পাশাপাশি দৃষ্টিশক্তির বিষয়টিও নিয়মিত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সরকারি দপ্তরের চালকদের জন্য এই কর্মসূচি সেই লক্ষ্য বাস্তবায়নে সহায়ক হবে বলে আশা করছেন আয়োজকরা।








