Logo

তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৫:২০
তৃণমূল পর্যায়ে স্তন ক্যান্সার স্ক্রিনিং চালুর উদ্যোগ নিচ্ছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের গ্রাম ও শহরের নারীদের জন্য স্তন ক্যান্সার শনাক্তকরণ কার্যক্রম সম্প্রসারণের উদ্যোগ নিচ্ছে সরকার। তৃণমূল পর্যায়ে স্ক্রিনিং সুবিধা পৌঁছে দিতে স্বাস্থ্যসেবার অবকাঠামো উন্নয়ন, চিকিৎসক ও মিডওয়াইফ নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে। রবিবার (১৮ অক্টোবর) রাজধানীতে এক অনুষ্ঠানে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বিজ্ঞাপন

রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস-২০২৬’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে স্তন ক্যান্সারের প্রকোপ বাড়ছে। শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের নারীরাও এ রোগে আক্রান্ত হচ্ছেন। কিন্তু সচেতনতার অভাব এবং সময়মতো রোগ শনাক্ত না হওয়ায় অনেক নারী প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন।

তিনি বলেন, স্তন ক্যান্সার শুধু নারীর শারীরিক স্বাস্থ্যের ওপরই প্রভাব ফেলে না, বরং মানসিক সুস্থতা ও স্বাভাবিক জীবনযাপনও ব্যাহত করে। তাই রোগটি সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রাথমিক পর্যায়ে শনাক্তকরণ নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, শুধু সভা-সেমিনার আয়োজন কিংবা টেলিভিশনে প্রচারণা চালিয়ে স্তন ক্যান্সার সম্পর্কে কার্যকর সচেতনতা তৈরি করা সম্ভব নয়। এ ক্ষেত্রে চিকিৎসকদের আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

চিকিৎসকদের উদ্দেশে তিনি বলেন, আপনারা দেশের সবচেয়ে মেধাবী সন্তান। বছরে অন্তত দুই-তিন দিন নিজের গ্রামে ফিরে যান। স্থানীয় নারীদের একত্র করে স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণ এবং স্তন সম্পর্কে কীভাবে সচেতন থাকতে হয়, তা শেখান। এটি মানবতার সেবা এবং মহৎ কাজ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, একসময় দেশে সংক্রামক ব্যাধিতে ব্যাপক প্রাণহানি ঘটলেও বর্তমানে মোট মৃত্যুর প্রায় ৭১ থেকে ৭৩ শতাংশের জন্য দায়ী অসংক্রামক রোগ।

বিজ্ঞাপন

হৃদ্‌রোগ, ডায়াবেটিস ও ক্যান্সারের মতো রোগের ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থা, প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তকরণ এবং সময়মতো চিকিৎসা নিশ্চিত করার ওপর গুরুত্ব দেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

ড. জিয়াউদ্দিন হায়দার জানান, দেশে প্রতি এক লাখ নারীর মধ্যে ১৫ জনের স্তন ক্যান্সার শনাক্ত হয়। আক্রান্ত নারীদের প্রায় ৬৩ শতাংশ কোনো ধরনের স্ক্রিনিংয়ের আওতায় আসেন না। ফলে অনেক ক্ষেত্রে রোগটি দেরিতে শনাক্ত হয় এবং চিকিৎসা জটিল হয়ে পড়ে।

এ পরিস্থিতি মোকাবিলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি স্তন ক্যান্সার শনাক্তকরণ কার্যক্রম আরও বিস্তৃত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন তিনি।

বিজ্ঞাপন

আলোচনা সভায় সভাপতিত্ব করেন জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ডা. নাছির উদ্দীন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. জহিরুল ইসলাম শাকিল এবং ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম ফরহাদ হোসেনসহ স্বাস্থ্য খাতের সংশ্লিষ্ট ব্যক্তিরা।

তৃণমূল পর্যায়ে স্ক্রিনিং সুবিধা সম্প্রসারণের এই উদ্যোগ বাস্তবায়িত হলে স্তন ক্যান্সার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগটি প্রাথমিক পর্যায়ে শনাক্ত করার সুযোগ বাড়তে পারে। এতে আক্রান্ত নারীদের সময়মতো চিকিৎসা পাওয়ার পথও সহজ হওয়ার সম্ভাবনা রয়েছে।

জেবি/জেএইচআর
আরও পড়ুনআরও পড়ুন

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD