মাদক অভিযানে ইশরাকের পিস্তল প্রদর্শন: আইনের ব্যত্যয় হলে ব্যবস্থা নেবে পুলিশ

মাদকবিরোধী অভিযানে পিস্তল হাতে দেখা যাওয়ার ঘটনায় মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেনের বিরুদ্ধে অস্ত্র প্রদর্শনে আইনের কোনো ব্যত্যয় হয়েছে কি না, তা খতিয়ে দেখছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তদন্তে আইনের লঙ্ঘন পাওয়া গেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
রবিবার (১৮ অক্টোবর) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম এ কথা জানান।
তিনি বলেন, ঘটনাটি মূল্যায়ন করে দেখার আগে এ বিষয়ে মন্তব্য করার সময় আসেনি। সংশ্লিষ্ট উপ-পুলিশ কমিশনার (ডিসি) পুরো বিষয়টি পর্যালোচনা করে প্রতিবেদন দেবেন। ওই প্রতিবেদনে আইনের ব্যত্যয় পাওয়া গেলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) আইনগত ব্যবস্থা নেবে।
মাদকবিরোধী অভিযানে একজন মন্ত্রী পুলিশের মতো দায়িত্ব পালন করতে পারেন কি না, এমন প্রশ্নের জবাবে ডিবিপ্রধান এ বিষয়ে মন্তব্য করতে চাননি।
বিজ্ঞাপন
এর আগে শনিবার (১৭ অক্টোবর) বিকেল সোয়া ৫টার দিকে ইশরাক হোসেনের ব্যক্তিগত ফেসবুক পেজে প্রকাশিত একটি ভিডিওতে তাকে এক হাতে হ্যান্ড মাইক এবং অন্য হাতে পিস্তল নিয়ে অভিযানে অংশ নিতে দেখা যায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভিডিওতে দেখা যায়, রাজধানীর গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন এলাকায় গাড়ি থেকে নেমে পিস্তল উঁচিয়ে একদল লোককে ধাওয়া করছেন প্রতিমন্ত্রী। একপর্যায়ে অস্ত্র তাক করে ‘অ্যাই দাঁড়াও, দাঁড়াও’ বলে তাদের থামার নির্দেশ দেন তিনি। এ সময় তার পাশে সাদা পোশাক পরা আরেক ব্যক্তিকেও হাতে অস্ত্র নিয়ে দৌড়াতে দেখা যায়।
এদিকে, শনিবার সন্ধ্যা ৭টা ২২ মিনিটে নিজের ফেসবুক পেজে দেওয়া আরেকটি পোস্টে ঢাকা-৬ আসনকে মাদকমুক্ত না করা পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা দেন ইশরাক হোসেন।
বিজ্ঞাপন
পোস্টে তিনি জানান, মাদক কারবারিরা যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। এমনকি নিজের দলের কেউ মাদক কারবারে জড়িত থাকলে তার জন্য আরও কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টে আরও বলা হয়, এর আগেও ঢাকা-৬ আসনের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছেন প্রতিমন্ত্রী। এলাকাটিকে মাদকমুক্ত করার লক্ষ্য নিয়ে অভিযান অব্যাহত রাখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতাও চেয়েছেন তিনি।








