Logo

ইশরাকের অস্ত্র হাতে অভিযান নিয়ে তাসনিম জারার কড়া সমালোচনা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১২:১২
ইশরাকের অস্ত্র হাতে অভিযান নিয়ে তাসনিম জারার কড়া সমালোচনা
ডা. তাসনিম জারা | ফাইল ছবি

রাজধানীর গেন্ডারিয়ায় মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে ইশরাক হোসেনের উপস্থিতি ঘিরে রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে। এবার এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সাবেক নেত্রী ডা. তাসনিম জারা। তাঁর মতে, এ ধরনের ঘটনা দেশের রাজনৈতিক সংস্কৃতি এবং নির্বাচনী ব্যবস্থার দুর্বলতাকে সামনে নিয়ে এসেছে।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইনসংলগ্ন একটি মাদককেন্দ্রে অভিযান চালান মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। অভিযানের সময় তাঁর হাতে পিস্তল দেখা যায়। পরে অভিযানের ভিডিও নিজের ফেসবুক পেজে প্রকাশ করেন তিনি।

ঘটনাটি নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক শুরু হওয়ার পর শনিবার দিবাগত রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে একটি স্ট্যাটাস দেন তাসনিম জারা।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্ট্যাটাসে তিনি লেখেন, “অস্ত্র হাতে মানুষকে ধাওয়া করছেন যিনি, তিনি আমাদের সরকারের একজন প্রতিমন্ত্রী। সেই ভিডিও আবার তার নিজের পেজ থেকেই প্রচার করা হচ্ছে।”

তিনি আরও প্রশ্ন তোলেন, প্রকাশ্যে এ ধরনের আচরণ করা একজন ব্যক্তি কীভাবে দেশ পরিচালনার দায়িত্ব পান। তাঁর ভাষ্য, সমাজে যোগ্য ও দায়িত্বশীল মানুষের অভাব নেই; বরং নির্বাচনে অংশ নেওয়া, প্রতিদ্বন্দ্বিতা করা এবং সংসদে পৌঁছানোর বাস্তব সুযোগ অনেকের জন্য সীমিত।

বিজ্ঞাপন

তাসনিম জারা তাঁর বক্তব্যে স্বতন্ত্র প্রার্থীদের নির্বাচনে অংশগ্রহণের প্রতিবন্ধকতা তুলে ধরেন। তিনি বলেন, নতুন স্বতন্ত্র প্রার্থীকে নির্বাচনে দাঁড়ানোর শুরুতেই হাজার হাজার ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। অন্যদিকে দলীয় মনোনয়ন পাওয়ার প্রক্রিয়াও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচনী ব্যয়ের ক্ষেত্রেও বৈষম্যের অভিযোগ তোলেন তাসনিম জারা। তাঁর মতে, আইন মেনে চলা প্রার্থীদের নির্ধারিত ব্যয়সীমার মধ্যে প্রচার চালাতে হয়। কিন্তু প্রভাবশালী প্রার্থীরা নিয়ম ভেঙে বিপুল অর্থ ব্যয় করলেও নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন থেকে যায়।

ভোটের দিনের পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাসনিম জারার বক্তব্য, ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধের দায়িত্ব রাষ্ট্রের হলেও বাস্তবে অনেক ক্ষেত্রে প্রার্থীদের নিজেদেরই প্রতিপক্ষের প্রভাব ও পেশিশক্তির মোকাবিলা করতে হয়। বৈধ পোলিং এজেন্টদের কেন্দ্রে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও তাঁর বক্তব্যে উঠে আসে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

তাসনিম জারা মনে করেন, বর্তমান ব্যবস্থায় অস্ত্র, অর্থ ও প্রভাব থাকা ব্যক্তিরা নির্বাচনে বাড়তি সুবিধা পান। অথচ যোগ্য ও সৎ মানুষের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করা জরুরি।

বিজ্ঞাপন

স্ট্যাটাসের শেষাংশে তিনি লেখেন, “১০টা হোন্ডা, ২০টা গুন্ডা, নির্বাচন ঠান্ডা”—এই ব্যবস্থা বজায় রেখে ভালো জনপ্রতিনিধি প্রত্যাশা করা যায় না। তাঁর মতে, নির্বাচনী ব্যবস্থার কার্যকর সংস্কার না হলে রাজনৈতিক অঙ্গনে পেশিশক্তির প্রভাব অব্যাহত থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD