Logo

এবার ফিল্মি স্টাইলে মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের হানা

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৭ অক্টোবর, ২০২৬, ২২:০৭
এবার ফিল্মি স্টাইলে মাদকের আস্তানায় প্রতিমন্ত্রী ইশরাকের হানা
ছবি: সংগৃহীত

রাজধানীর গেন্ডারিয়ায় রেললাইন সংলগ্ন একটি মাদকের আস্তানায় আকস্মিক অভিযান চালিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। অনেকটা চলচ্চিত্রের দৃশ্যের মতো এই অভিযানে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন তিনি।

বিজ্ঞাপন

শনিবার (১৭ অক্টোবর) গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ইশরাক হোসেনের হাতে পিস্তলসদৃশ একটি আগ্নেয়াস্ত্র দেখা যায়। নিজেই নিজের ফেসবুক পেজে অভিযানের ভিডিও প্রকাশ করেছেন স্থানীয় এই সংসদ সদস্য।

ভিডিওতে দেখা যায়, গাড়ি নিয়ে গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় পৌঁছে একটি মাদকের আস্তানায় হানা দেন তিনি। এ সময় সেখানে থাকা কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন। ইশরাক তার কাছে থাকা পিস্তল দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন।

ভিডিওতে ইশরাক হোসেনকে তাদের থামতে নির্দেশ দিতে দেখা যায়। পরে কয়েকজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্থানীয়দের অভিযোগ, গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক বিক্রি ও সেবনের আসর বসে। এর আগে ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীও।

সম্প্রতি গেন্ডারিয়া এলাকায় মাদক, চাঁদাবাজি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কিশোর গ্যাং দমনে যৌথ বাহিনীর বিশেষ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে গেন্ডারিয়া থানা এলাকা থেকে ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছিল বলে জানিয়েছিল পুলিশ।

বিজ্ঞাপন

এর আগে, ৬ অক্টোবরও গেন্ডারিয়া রেললাইন সংলগ্ন চিহ্নিত মাদকের আস্তানায় ইশরাক হোসেনের ঝটিকা অভিযানের খবর প্রকাশিত হয়। ওই অভিযানে মাদক কারবারে জড়িতদের ধরে পুলিশের কাছে দেওয়ার কথা জানানো হয়েছিল।

মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়ে ইশরাক হোসেন এর আগে বলেছিলেন, মাদক বিক্রি ও সরবরাহকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তার ভাষ্য, মাদক কারবার তরুণ প্রজন্মকে ধ্বংস করছে।

শনিবারের অভিযানের ভিডিও প্রকাশের পর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। স্থানীয় বাসিন্দারা রেললাইন সংলগ্ন এলাকায় মাদক বিক্রি ও সেবন বন্ধে নিয়মিত অভিযান চালানোর দাবি জানিয়েছেন।

বিজ্ঞাপন

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD