Logo

লংমার্চে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি করবে: ইশরাক

profile picture
জেলা প্রতিনিধি
কুষ্টিয়া
৫ সেপ্টেম্বর, ২০২৬, ১৯:৫১
লংমার্চে জ্বালানি অপচয় ও জনগণের ভোগান্তি সৃষ্টি করবে: ইশরাক
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের মধ্যে লংমার্চ কর্মসূচি আয়োজনের সমালোচনা করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। তাঁর দাবি, কর্মসূচিটি বাস্তবায়নে বিপুল পরিমাণ জ্বালানি তেল ব্যবহারের পাশাপাশি সাধারণ মানুষের চলাচলেও ভোগান্তি তৈরি হতে পারে।

বিজ্ঞাপন

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শনে যাওয়ার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। পরে সেখানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় করেন প্রতিমন্ত্রী।

ইশরাক হোসেন বলেন, ‘আমি মনে করি, এ লংমার্চ কর্মসূচি অযথাই জনগণের ভোগান্তি সৃষ্টি করবে এবং জাতীয় সম্পদ নষ্ট করবে। লংমার্চের জন্য প্রায় এক লাখ লিটার জ্বালানি তেল ব্যয় হবে বলে হিসাব করা হচ্ছে। অথচ এটি এমন একটি সময়ে হচ্ছে, যখন দেশে জ্বালানি সংকট রয়েছে। প্রথমদিকে জ্বালানি সংকটের কারণে লংমার্চের কথা বলা হলেও পরবর্তীতে গণরায় বাস্তবায়নের বিষয়টি সামনে আনা হয়েছে।’

আরও পড়ুন

বিজ্ঞাপন

গণরায় প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, জনগণ সংস্কারের পক্ষে মত দিয়েছে। তাঁর মতে, সংবিধান সংশোধনের মাধ্যমে সেই সংস্কার বাস্তবায়নের সুযোগ রয়েছে। এ লক্ষ্যে সংবিধান সংশোধনসংক্রান্ত কমিটিতে বিরোধীদলকে যুক্ত হওয়ার আহ্বান জানানো হয়েছে বলেও জানান তিনি।

সংসদে দ্বিতীয় শপথের প্রসঙ্গেও কথা বলেন ইশরাক হোসেন। তিনি বলেন, এমপি হিসেবে সংবিধান ও আইন অনুযায়ী শপথ নেওয়ার পর অতিরিক্ত যে শপথের কাগজ দেওয়া হয়েছিল, সেটিকে তিনি অসাংবিধানিক ও অবৈধ বলে মনে করেন।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে আইন ও সংবিধান বিশেষজ্ঞদের মধ্যে ভিন্ন মত রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ব্যক্তিগতভাবে তিনি এই বিতর্কে জড়াতে চান না।

প্রতিমন্ত্রী আরও বলেন, সরকার হিসেবে বর্তমান সময়ের সফলতা বা ব্যর্থতার মূল্যায়নের পাশাপাশি গত ছয় মাসে বিরোধী দল হিসেবে তারা কতটা সফল হয়েছে, সেটিও জনগণের পর্যালোচনা করা প্রয়োজন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

সাংবাদিকদের সঙ্গে কথা বলার পর ইশরাক হোসেন খোকসা উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স পরিদর্শন করেন। সেখানে স্থানীয় বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।

পরে খোকসা জানিপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে আয়োজিত আলোচনা সভায় যোগ দেন।

বিজ্ঞাপন

এ সময় কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির সাবেক সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী, খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খান এবং খোকসা পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রিপন হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD