আকস্মিক পটিয়া হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দিলেন নির্দেশনা

চট্টগ্রামের পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। শনিবার (৩ অক্টোবর) হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন তিনি।
বিজ্ঞাপন
পরিদর্শনকালে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি বৃহত্তর এলাকার মানুষের জন্য গুরুত্বপূর্ণ চিকিৎসাকেন্দ্র হিসেবে ব্যবহৃত হচ্ছে। পটিয়ার প্রায় সাত লাখ মানুষের পাশাপাশি বাঁশখালী, চন্দনাইশ, আনোয়ারা ও কর্ণফুলীসহ আশপাশের এলাকার আরও প্রায় চার লাখ মানুষ এখান থেকে চিকিৎসাসেবা নেন।
হাসপাতালটিতে প্রতিদিন রোগীর চাপও উল্লেখযোগ্য। বহির্বিভাগে প্রতিদিন এক হাজারের বেশি রোগী চিকিৎসা নেন এবং ১০০ থেকে ১৫০ জন রোগী ভর্তি হন। এ সময় হাসপাতাল কর্তৃপক্ষ দীর্ঘদিনের বিভিন্ন সংকট ও প্রয়োজনের কথা মন্ত্রীর কাছে তুলে ধরে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানায়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, বৃহত্তর এলাকার মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে একটি মডেল হাসপাতালে রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে। বর্তমানে ৫০ শয্যার হাসপাতালগুলোকে ১০১ শয্যায় উন্নীত করার উদ্যোগ নেওয়া হয়েছে। যেখানে হাসপাতাল নেই, সেখানেও প্রয়োজন অনুযায়ী নতুন ১০১ শয্যার হাসপাতাল নির্মাণ করা হবে।
বিজ্ঞাপন
হাসপাতালে চিকিৎসকদের উপস্থিতির বিষয়েও খোঁজ নেন মন্ত্রী। শতভাগ চিকিৎসক উপস্থিত আছেন কি না জানতে চাইলে কর্তৃপক্ষ জানায়, সবাই উপস্থিত না থাকলেও অধিকাংশ চিকিৎসক কর্মস্থলে ছিলেন।
এ সময় হাসপাতালের বায়োমেডিক্যাল ব্যবস্থা, রোগীদের পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও স্যালাইন সরবরাহ এবং ভর্তি রোগীদের খাবারের মান সম্পর্কেও খোঁজ নেন তিনি। ভর্তি রোগীদের রক্ত পরীক্ষা হাসপাতাল থেকেই করার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দেন স্বাস্থ্যমন্ত্রী।
পাশাপাশি প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইনের সরবরাহ স্বাভাবিক রাখা এবং ভর্তি রোগীদের খাবারের মান উন্নত করার ওপর গুরুত্ব দেন তিনি। রোগীরা যাতে যথাযথ চিকিৎসাসেবা পান, সে বিষয়েও সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
বিজ্ঞাপন
এ সময় চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম বলেন, হাসপাতালের উন্নয়নের বিষয়ে বিভিন্ন পর্যায়ে কথা বলার চেষ্টা করছেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী পটিয়া হাসপাতালকে আধুনিক ও সুসজ্জিত করার কথা বলায় তিনি আশাবাদ ব্যক্ত করেন।
চট্টগ্রাম বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সেখ ফজলে রাব্বি জানান, স্বাস্থ্যমন্ত্রী আকস্মিকভাবে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন। তিনি হাসপাতালের সার্বিক কার্যক্রম ঘুরে দেখার পাশাপাশি রোগীদের সঙ্গে কথা বলেন। এ সময় চট্টগ্রামের জেলা সিভিল সার্জন সাজেদুর রহমানসহ হাসপাতালের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পটিয়া হাসপাতালকে আধুনিকায়নের পরিকল্পনার বিষয়টি স্বাস্থ্যমন্ত্রীর সাম্প্রতিক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স উন্নয়নের বক্তব্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ। এর আগে তিনি দেশের উপজেলা পর্যায়ের স্বাস্থ্যসেবা অবকাঠামো উন্নয়নের কথা জানিয়েছিলেন।








