হামের উপসর্গে আরও ৮ জনের মৃত্যু, মোট প্রাণহানি ১১২২

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর নিশ্চিত হামে ১০২ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১২২ জনে।
বিজ্ঞাপন
শনিবার (৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।
বুলেটিনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকায় হামের উপসর্গ নিয়ে আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও হামের উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ১৫৩ জন রোগী ভর্তি হয়েছেন।
বিভাগভিত্তিক হিসাবে, সবচেয়ে বেশি রোগী ভর্তি হয়েছে ঢাকা বিভাগে। এই বিভাগে ৪৪৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া চট্টগ্রামে ২২৪ জন, বরিশালে ১৩৮ জন, সিলেটে ১৫৮ জন, খুলনায় ৭৩ জন, ময়মনসিংহে ৪৯ জন, রংপুরে ৩৯ জন এবং রাজশাহীতে ২৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৭৩ হাজার ২৪ জন রোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৭৫৬ জন।
এদিকে, একই সময় থেকে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ১৯৭ জনে। তাদের মধ্যে পরীক্ষায় ২১ হাজার ৬৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।
নতুন করে মৃত্যুর পাশাপাশি বিপুলসংখ্যক রোগী হাসপাতালে ভর্তি হওয়ায় দেশে হামের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য খাতের উদ্বেগ আরও বাড়ছে।








