২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে সন্দেহ ও নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৪২ শিশু।
বিজ্ঞাপন
শুক্রবার (২ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, গত এক দিনে শুধু ঢাকা বিভাগেই হামের উপসর্গ নিয়ে তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ঢাকা বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে।
সব মিলিয়ে গত ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত সারাদেশে হাম ও এর উপসর্গে মোট ১ হাজার ১১৪ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ১০২ শিশু। আর হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১২ শিশুর।
বিজ্ঞাপন
এদিকে চলতি বছরের ১৫ মার্চ থেকে ২ অক্টোবর পর্যন্ত দেশে মোট ১ লাখ ৯৪ হাজার ৮৪ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে। একই সময়ে মোট ২১ হাজার ৬২৩ শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছে।
অন্যদিকে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশের হাসপাতালগুলোয় মোট ১ লাখ ৭২ হাজার ২১ শিশু হামের উপসর্গ নিয়ে ভর্তি হয়েছে। তার মধ্যে এখন পর্যন্ত মোট ১ লাখ ৬৬ হাজার ৯৩৩ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।








