হামের উপসর্গে আরও ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৩৪৯

দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও এর উপসর্গ নিয়ে নতুন করে ১ হাজার ৩৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে নিশ্চিত হামে ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে ১ হাজার ৭ জনের মৃত্যু হয়েছে। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১০৮ জনে।
বুলেটিনে বলা হয়েছে, মঙ্গলবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগে হামের উপসর্গ নিয়ে একজন করে মারা গেছেন।
একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে হাম ও এর উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ১ হাজার ৩৪৯ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৫৫২ জন, চট্টগ্রামে ২৮০ জন, সিলেটে ১৭৯ জন, বরিশালে ১৪৫ জন, ময়মনসিংহে ৭২ জন, খুলনায় ৬৬ জন, রাজশাহীতে ৩৩ জন এবং রংপুরে ২২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৬৯ হাজার ৮০০ জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৬২ হাজার ৮৭৩ জন।
এদিকে একই সময়ের মধ্যে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৯১ হাজার ৭৩১ জনে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫২০ জন।








