হামের উপসর্গে আরও ৩ মৃত্যু, দেশে মোট প্রাণহানি ১০৯৯

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত সময়ের হিসাব এটি।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে দেশে নিশ্চিত হাম ও হামের উপসর্গে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৯৯ জনে। এর মধ্যে নিশ্চিত হামে মারা গেছেন ১০১ জন এবং হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৯৯৮ জনের।
গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চট্টগ্রাম বিভাগে দুজন এবং সিলেট বিভাগে একজনের মৃত্যু হয়েছে।
এদিকে একই সময়ে দেশে নতুন করে ৯৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩০৮ জনে।
বিজ্ঞাপন
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২১৪ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে চলতি বছরে হামের উপসর্গসহ মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৫৫ জনে।








