২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার

দেশে ডেঙ্গু পরিস্থিতির অবনতি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও আটজনের মৃত্যু হয়েছে। একই সময়ে দেশের বিভিন্ন হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছেন ২ হাজার ৩৬ জন।
বিজ্ঞাপন
সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের ডেঙ্গুবিষয়ক ড্যাশবোর্ডে প্রকাশিত তথ্যে এসব তথ্য জানানো হয়েছে। নতুন আটজনের মৃত্যু নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ২৩৩ জনে।
স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় বরিশাল বিভাগে ২৫৪ জন, চট্টগ্রাম বিভাগে ৩২৩ জন, ঢাকা বিভাগের সিটি করপোরেশনের বাইরের এলাকায় ৪৩২ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ ছাড়া ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২০৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৬৯ জন, খুলনা বিভাগে ২৬৭ জন, ময়মনসিংহ বিভাগে ১১৫ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, রংপুর বিভাগে ৬২ জন এবং সিলেট বিভাগে ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
বিজ্ঞাপন
চলতি বছরের ২৮ সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৭৫ হাজার ৭৩০ জন। এ সময়ে চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭০ হাজার ২৫৮ জন ডেঙ্গু রোগী।








