পাকিস্তানে টিকা ও ক্যানসারের ওষুধ রপ্তানি বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানে টিকা ও ক্যানসারের ওষুধ রপ্তানি বাড়ানোর সম্ভাবনার কথা জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সোমবার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়ে কথা বলেন।
বিজ্ঞাপন
সোমবার পাকিস্তান হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে বৈঠকের তথ্য জানানো হয়।
হাইকমিশনের পোস্টে বলা হয়, ইমরান হায়দার স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেনের সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে স্বাস্থ্যকর্মীদের দক্ষতা উন্নয়ন, প্রস্তাবিত সমঝোতা স্মারক চূড়ান্ত করা এবং দুই দেশের স্বাস্থ্যখাতে সহযোগিতা বাড়ানোর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
এ সময় পাকিস্তানের কিডনি অ্যান্ড লিভার ইনস্টিটিউট অ্যান্ড রিসার্চ সেন্টার এবং গামবাট ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (জিআইএমএস) সঙ্গে বাংলাদেশের স্বাস্থ্যখাতের সমন্বয় বাড়ানোর একটি প্রস্তাবের বিষয়েও স্বাস্থ্যমন্ত্রীকে অবহিত করেন পাকিস্তানের হাইকমিশনার।
হাইকমিশনার জানান, জিআইএমএস বাংলাদেশের চিকিৎসকদের লিভার প্রতিস্থাপনে প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি অস্ত্রোপচারে সহযোগিতা এবং টেলিমেডিসিনের মাধ্যমে অস্ত্রোপচার-পরবর্তী চিকিৎসাসেবা দিতে আগ্রহী।
বিজ্ঞাপন
বৈঠকে দুই দেশের মধ্যে সার্জিক্যাল সরঞ্জাম ও ফার্মাসিউটিক্যাল পণ্যের বাণিজ্য নিয়েও আলোচনা হয়। এ সময় স্বাস্থ্যমন্ত্রী জানান, পাকিস্তানে বাংলাদেশি টিকা ও ক্যানসারের ওষুধের রপ্তানি বাড়ানোর সুযোগ রয়েছে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
পাশাপাশি পাকিস্তানের উদ্যোক্তাদের বাংলাদেশের স্বাস্থ্যখাতে বিনিয়োগের বিষয়টি বিবেচনা করার আহ্বান জানান সরদার সাখাওয়াত হোসেন।
বৈঠকে স্বাস্থ্যসেবা, চিকিৎসক প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহযোগিতা ও ওষুধপণ্যের বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত করার বিষয়েও আলোচনা হয়েছে।









