Logo

বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর, ২০২৬, ২০:৫৮
বঙ্গোপসাগরের নিচে বিপুল গ্যাসের মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরের তলদেশে বিপুল গ্যাসের মজুত রয়েছে বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেন, বঙ্গোপসাগরের একদিকে মিয়ানমার এবং অন্যদিকে ভারত গ্যাস উত্তোলন করছে। বাংলাদেশের সমুদ্রসীমার তলদেশেও বিপুল গ্যাস রয়েছে বলে তিনি দাবি করেন।

বিজ্ঞাপন

রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

তার বক্তব্য অনুযায়ী, আন্তর্জাতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে বঙ্গোপসাগর থেকে গ্যাস উত্তোলনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং ভবিষ্যতে ওই গ্যাস বিদ্যুৎ উৎপাদনে ব্যবহার করা হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, বিদ্যুৎ উৎপাদনে সৌরশক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি হাসপাতালগুলোকে সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে। দেশে গ্যাসের সংকটের কারণে কয়েকটি বিদ্যুৎকেন্দ্র বন্ধ হওয়ার কথাও তিনি উল্লেখ করেন।

আদানি গ্রুপের বিদ্যুৎ সরবরাহ, সার বিতরণ ও মজুত নিয়েও বক্তব্য দেন তিনি। তার দাবি, কিছু ডিলারের মাধ্যমে সার পাচারের কারণে কয়েকটি এলাকায় সংকট তৈরি হয়েছিল। বর্তমানে পর্যাপ্ত সার মজুত রয়েছে এবং বিতরণব্যবস্থা আরও বিস্তৃত করতে প্রতি ইউনিয়নে নতুন ডিলার নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিজ্ঞাপন

কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্র ও বিদ্যুৎ খাতে অতীতের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে মন্ত্রী বলেন, এসব ব্যবস্থায় বিপুল অর্থ ব্যয় হয়েছে। বিদেশে কর্মরত বাংলাদেশিদের পাঠানো অর্থ দিয়ে বিদ্যুৎকেন্দ্রের সক্ষমতা বাবদ অর্থ পরিশোধ করতে হয়েছে বলেও তিনি দাবি করেন।

তিস্তা ব্যারেজ নির্মাণ প্রসঙ্গে সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেন, চীনের সহযোগিতায় তিস্তা ব্যারেজ নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তার বক্তব্যে বন্যা ও শুষ্ক মৌসুমে পানির সংকট মোকাবিলার বিষয়টিও উঠে আসে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আজাদ হোসেন খানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মঈনুল ইসলাম খান শান্ত, সংসদ সদস্য এস এ জিন্নাহ কবীর, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামিলুর রশিদ খানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা বক্তব্য দেন।

সভা শেষে মানিকগঞ্জ শহরে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলেও অংশ নেন স্বাস্থ্যমন্ত্রী।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD