Logo

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৪৯
স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারের বড় সাফল্য স্বাস্থ্যখাতের অগ্রগতির ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি বলেন, সরকার স্বাস্থ্যখাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক মানুষ চিকিৎসা নিতে আসেন—এমন হাসপাতালগুলোতে বরাদ্দ বাড়ানো হচ্ছে।

বিজ্ঞাপন

সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মহাখালীতে জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের নবনির্মিত রেসপিরেটরি ক্রিটিক্যাল কেয়ার ও ইন্টারভেনশনাল পালমোনোলজি সেন্টারের উদ্বোধন অনুষ্ঠানে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী দুই বছরের মধ্যে দেশের প্রতিটি উপজেলায় ১০টি করে কিডনি ডায়ালাইসিস মেশিন দেওয়ার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা বাড়াতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ২০০৫ সালে প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালটি উদ্বোধন করেছিলেন। তবে দীর্ঘ ২১ বছর পর এখানে আইসিইউ সেবা সম্প্রসারণ করা হলো। নতুন আইসিইউতে ৪০টি শয্যা যুক্ত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যসেবার পরিধি বাড়ানোর পাশাপাশি দেশের মানুষের জন্য চিকিৎসাসেবা আরও সহজলভ্য করার বিষয়ে সরকার গুরুত্ব দিচ্ছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক ডা. গোলাম সারওয়ার লিয়াকত হোসেন ভূঁইয়া।

বিজ্ঞাপন

আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ডা. মো. জহিরুল ইসলাম শাকিল এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাসসহ সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD