Logo

একদিনে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৭:৩৬
একদিনে হামের উপসর্গে প্রাণ গেল আরও ৫ জনের
ছবি: সংগৃহীত

দেশে হামের সংক্রমণ পরিস্থিতির মধ্যে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও এর উপসর্গে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪১ জনে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে।

বুলেটিনের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে।

এ সময়ে বিভাগভিত্তিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বিভাগে সর্বোচ্চ ৪৬৯ জন ভর্তি হয়েছেন। এ ছাড়া চট্টগ্রামে ২৩৪ জন, সিলেটে ১৩৩ জন, বরিশালে ১১৮ জন, খুলনায় ১১৬ জন, ময়মনসিংহে ৭৯ জন, রংপুরে ৩২ জন এবং রাজশাহীতে ২৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

বিজ্ঞাপন

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, হামের উপসর্গ নিয়ে প্রাণ হারিয়েছেন ১ হাজার ২৩৬ জন। সব মিলিয়ে হাম ও এর উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৪১।

এদিকে, ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ২ লাখ ২৭ হাজার ৬৭৫ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২ লাখ ১৮ হাজার ৯১০ জন।

একই সময়ে দেশে সন্দেহজনক হামের রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৫৪ হাজার ৫৯৩ জনে। তাঁদের মধ্যে পরীক্ষার মাধ্যমে ২৫ হাজার ৯৬৬ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD