দেশে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, সর্বোচ্চ আক্রান্ত রাজধানীতে

দেশে ডেঙ্গু পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৪২ জন। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী পাওয়া গেছে ঢাকা বিভাগে। ঢাকা বিভাগে (সিটি করপোরেশন বাদে) ৩৭৮ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।
এ ছাড়া ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ২২৯ জন এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৭৮ জন আক্রান্ত হয়েছেন।
অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩০১ জন, খুলনা বিভাগে ২৬৪ জন, বরিশাল বিভাগে ২১৩ জন, রাজশাহী বিভাগে ১৯৭ জন, ময়মনসিংহ বিভাগে ১২০ জন এবং রংপুর বিভাগে ৫৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। সিলেট বিভাগে নতুন আক্রান্ত হয়েছেন ছয়জন।
বিজ্ঞাপন
গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে পুরুষ ৬১ দশমিক ৯ শতাংশ এবং নারী ৩৮ দশমিক ১ শতাংশ।
এদিকে একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে চিকিৎসা নেওয়ার পর ১ হাজার ৭৫১ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি সময়ে মোট ৭২ হাজার ৮ জন ডেঙ্গু রোগী সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।








