Logo

দেশে হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৪ নভেম্বর, ২০২৬, ১৫:৩১
দেশে হাম উপসর্গে আরও ৯ জনের মৃত্যু
ছবি: সংগৃহীত

দেশে হাম পরিস্থিতিতে উদ্বেগ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গ নিয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৬৮ জনের শরীরে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে। মৃতদের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে সর্বোচ্চ তিনজন করে রয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (২৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে প্রকাশিত নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে ২৩ নভেম্বর সকাল ৮টা থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টার পরিস্থিতি তুলে ধরা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১ হাজার ২৮৩ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে ৫২৬ জন, চট্টগ্রামে ১৮৩ জন, সিলেটে ১৬৭ জন, বরিশালে ১৩৮ জন, খুলনায় ১০৭ জন, ময়মনসিংহে ৯০ জন, রাজশাহীতে ৩৯ জন এবং রংপুরে ৩৩ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে।

এ সময়ে সন্দেহজনক হাম নিয়ে মারা যাওয়া ৯ জনের মধ্যে ঢাকা ও সিলেট বিভাগে তিনজন করে রয়েছেন। এছাড়া চট্টগ্রাম, বরিশাল ও খুলনা বিভাগে একজন করে মারা গেছেন। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম আক্রান্ত হয়ে কারও মৃত্যুর তথ্য জানায়নি স্বাস্থ্য অধিদপ্তর।

বিজ্ঞাপন

নতুন করে নিশ্চিত হাম শনাক্ত হওয়া ৬৮ জনের মধ্যে ঢাকা বিভাগের ৪৩ জন এবং সিলেট বিভাগের ২৫ জন রয়েছেন। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ১ হাজার ২০৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ হাজার ১৩৯ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ২৪ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত দেশে মোট ২ লাখ ৫৯ হাজার ১৯০ জন সন্দেহভাজন হাম রোগী শনাক্ত হয়েছেন। তাঁদের মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ২৬ হাজার ৩০০ জনের।

এই সময়ের মধ্যে সন্দেহজনক হাম নিয়ে ১ হাজার ২৫৬ জনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছেন ১০৫ জন।

বিজ্ঞাপন

একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ২ লাখ ৩১ হাজার ৯৯৯ জন। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ২ লাখ ২৩ হাজার ১৫৮ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD