ডেঙ্গু মোকাবিলায় বাংলাদেশকে ৫ লাখ টেস্ট কিট দিল যুক্তরাষ্ট্র

বাংলাদেশে চলমান ডেঙ্গুর প্রকোপ মোকাবিলায় রোগ শনাক্তকরণ ও চিকিৎসা কার্যক্রম জোরদারে পাঁচ লাখ ডেঙ্গু এনএসআই র্যাপিড ডায়াগনস্টিক টেস্ট কিট দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সরকারের অর্থায়নে পরিচালিত স্ট্রাইডস কার্যক্রমের আওতায় এসব কিট সরবরাহ করা হয়েছে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের কাছে কিটগুলো হস্তান্তর করেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তৃষিতা মওলা।
কিট হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এগুলো দ্রুত দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার নির্দেশ দেন। তিনি জানান, অনুষ্ঠানস্থল থেকে সব কিট সরাসরি কেন্দ্রীয় ঔষধাগারে (সিএমএসডি) জমা করা হবে। এরপর স্বাস্থ্য অধিদপ্তরের মাধ্যমে হাসপাতালগুলোর চাহিদা অনুযায়ী জেলা ও উপজেলা পর্যায়ে এসব কিট বিতরণ করা হবে।
আরও পড়ুন
বিজ্ঞাপন
মন্ত্রী বলেন, নতুন পাওয়া কিটের পাশাপাশি সরকারি ব্যবস্থাপনাতেও পর্যাপ্ত ডেঙ্গু অ্যান্টিজেন কিট ও আইভি স্যালাইন মজুত রয়েছে। ফলে দেশের কোনো অঞ্চলে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও পরীক্ষা ও চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বাস্থ্য বিভাগ প্রস্তুত রয়েছে।
অনুষ্ঠানটি কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে আয়োজনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, যানজট ও যাতায়াতের বিষয়টি বিবেচনায় নিয়েই স্থানটি নির্ধারণ করা হয়েছে। তবে কিটগুলো হাসপাতালটিতে রেখে দেওয়া হবে না; কেন্দ্রীয় ঔষধাগারে পাঠানোর পর সারা দেশে প্রয়োজন অনুযায়ী সরবরাহ করা হবে।
বিজ্ঞাপন
এদিকে বাংলাদেশে ডেঙ্গু ভ্যাকসিন চালুর সম্ভাবনা নিয়েও সরকারের চিন্তাভাবনা রয়েছে বলে জানান সাখাওয়াত হোসেন। তার ভাষ্য, ভ্যাকসিনটির ব্যয় তুলনামূলক বেশি হওয়ায় এর কার্যকারিতা ও নিরাপত্তা সম্পর্কে নিশ্চিত হওয়া প্রয়োজন।
আরও পড়ুন
বিজ্ঞাপন
ভ্যাকসিনের বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও), ইউনিসেফ ও গ্যাভির সঙ্গে আলোচনা চলছে জানিয়ে তিনি বলেন, আন্তর্জাতিক নির্দেশিকা অনুসরণ করেই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মো. জাহিদ রায়হান, কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুর রহমানসহ মার্কিন দূতাবাস ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








