Logo

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলাকে বাদ দেওয়ার অভিযোগ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ অক্টোবর, ২০২৬, ১৪:৪৯
এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলাকে বাদ দেওয়ার অভিযোগ
ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আওতাধীন ঢাকার ২৫টি কর অঞ্চলের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তি ঘিরে বৈষম্যের অভিযোগ তুলেছেন চাকরিপ্রার্থীরা। তাঁদের দাবি, তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদনের সুযোগ দেওয়ায় ঢাকা বিভাগের অন্য ১২টি জেলার যোগ্য প্রার্থীরা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।

বিজ্ঞাপন

এ পরিস্থিতিতে নিয়োগ বিজ্ঞপ্তিতে থাকা জেলা-সংক্রান্ত শর্ত বাতিল করে ঢাকা বিভাগের ১৩টি জেলার যোগ্য প্রার্থীদের আবেদন ও নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

রবিবার (১৮ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর ভবনের সামনে আয়োজিত মানববন্ধন থেকে এসব দাবি জানানো হয়। কর্মসূচি শেষে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের একটি প্রতিনিধি দল এনবিআর চেয়ারম্যানের কাছে স্মারকলিপি জমা দেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

মানববন্ধনে অংশ নেওয়া চাকরিপ্রার্থীদের অভিযোগ, এনবিআরের ঢাকার কয়েকটি কর অঞ্চলের সাম্প্রতিক নিয়োগ বিজ্ঞপ্তিতে তৃতীয় ও চতুর্থ শ্রেণির বিভিন্ন পদে শুধু ঢাকা জেলার স্থায়ী বাসিন্দাদের আবেদন করার সুযোগ রাখা হয়েছে। এর ফলে ঢাকা বিভাগের বাকি ১২টি জেলার বহু যোগ্য প্রার্থী নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ হারাচ্ছেন।

তাঁদের মতে, সরকারি চাকরিতে আবেদনের প্রাথমিক পর্যায়েই এ ধরনের বিধিনিষেধ চাকরিপ্রার্থীদের মধ্যে বৈষম্য তৈরি করছে। একই বিভাগের অন্তর্ভুক্ত হওয়া সত্ত্বেও শুধু স্থায়ী ঠিকানার কারণে অনেক প্রার্থীকে প্রতিযোগিতার বাইরে রাখা হচ্ছে বলে তাঁরা অভিযোগ করেন।

বিজ্ঞাপন

এনবিআর চেয়ারম্যানের কাছে দেওয়া স্মারকলিপিতে আন্দোলনকারীরা নিজেদের শিক্ষাগত যোগ্যতা ও দীর্ঘদিনের প্রস্তুতির বিষয়টি তুলে ধরেন। তাঁরা জানান, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার স্থায়ী বাসিন্দা হিসেবে দেশের স্বনামধন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। সরকারি চাকরির পরীক্ষায় অংশ নেওয়ার জন্য দীর্ঘদিন ধরে প্রস্তুতিও নিচ্ছেন তাঁরা।

চাকরিপ্রার্থীদের দাবি, অতীতে ঢাকার বিভিন্ন কর অঞ্চলের নিয়োগ বিজ্ঞপ্তিতে ঢাকা বিভাগের সব জেলার প্রার্থীদের আবেদনের সুযোগ দেওয়া হতো। কিন্তু সাম্প্রতিক বিজ্ঞপ্তিগুলোতে হঠাৎ করে ঢাকা জেলার বাইরের প্রার্থীদের বাদ দেওয়ায় তাঁরা হতাশ হয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তাঁদের মতে, নিয়োগের ক্ষেত্রে এমন পরিবর্তন করা হলে সংশ্লিষ্ট জেলার বিপুলসংখ্যক যোগ্য চাকরিপ্রার্থীর কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়বে।

স্মারকলিপিতে বাংলাদেশের সংবিধানের ২৭, ২৯ ও ৩১ অনুচ্ছেদের প্রসঙ্গ তুলে ধরেছেন আন্দোলনকারীরা। তাঁদের বক্তব্য, এসব অনুচ্ছেদে আইনের দৃষ্টিতে সমতা, সরকারি নিয়োগে সুযোগের সমতা এবং আইনের আশ্রয় লাভের অধিকার-সংক্রান্ত নীতি রয়েছে। তাই নিয়োগের ক্ষেত্রে নির্দিষ্ট একটি জেলার প্রার্থীদের মধ্যে সুযোগ সীমাবদ্ধ রাখার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা প্রয়োজন বলে তাঁরা মনে করেন।

বিজ্ঞাপন

চাকরিপ্রার্থীরা এনবিআরের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দ্রুত বিষয়টি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত ১৩টি জেলার সব যোগ্য প্রার্থী যাতে নিয়োগ পরীক্ষায় অংশ নিতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD