বাংলা কিউআরে যুক্ত হচ্ছে নতুন সুবিধা

বাংলা কিউআর ব্যবস্থায় লেনদেন প্রথমবারের মতো এক সপ্তাহে এক হাজার কোটি টাকার সীমা অতিক্রম করেছে। ৬ থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত এই মাধ্যমে মোট এক হাজার ৫৭ কোটি টাকার লেনদেন হয়েছে। এর আগের সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ৯৫৯ কোটি টাকা।
বিজ্ঞাপন
লেনদেন আরও বাড়াতে বাংলা কিউআরে নতুন কয়েকটি সুবিধা যুক্ত করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ বিষয়ে বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রতিষ্ঠানকে নির্দেশনা দিয়ে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।
নির্দেশনায় বাংলা কিউআরকে আরও সহজ ও গ্রাহকবান্ধব করার পাশাপাশি মার্চেন্টদের ডিজিটাল পেমেন্ট গ্রহণে উৎসাহিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, আগামী ১ অক্টোবর থেকে বাংলা কিউআরের মাধ্যমে যেকোনো অঙ্কের কোডভিত্তিক পেমেন্ট সম্পন্ন হলে অর্থ তাৎক্ষণিকভাবে মার্চেন্টের হিসাবে জমা দিতে হবে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এ ছাড়া সব ব্যাংক ও এমএফএস প্রতিষ্ঠানের মোবাইল অ্যাপের হোমপেজে সহজে চোখে পড়ে এমন স্থানে বাংলা কিউআর আইকন রাখতে বলা হয়েছে। ফলে গ্রাহকরা অ্যাপ খুলেই দ্রুত কিউআর পেমেন্টের সুবিধা ব্যবহার করতে পারবেন।
বিজ্ঞাপন
আগামী ৩১ অক্টোবরের মধ্যে বাংলা কিউআর ব্যবহারে আরও একটি সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে। তখন কিউআর কোড স্ক্যান করার পাশাপাশি এর ছবি আপলোড করেও পেমেন্ট সম্পন্ন করা যাবে।
পাশাপাশি শুধু কার্ডধারী নয়, সব সঞ্চয়ী ও চলতি হিসাবের গ্রাহক যাতে নিজ নিজ ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অ্যাপ থেকে বাংলা কিউআর স্ক্যান করে অর্থ পরিশোধ করতে পারেন, সে ব্যবস্থাও নিশ্চিত করতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের মতে, নগদ অর্থ ব্যবস্থাপনায় দেশে বছরে ২০ হাজার কোটি টাকার বেশি ব্যয় হয়। একই সঙ্গে নগদনির্ভর ব্যবস্থার মাধ্যমে অপরাধমূলক কর্মকাণ্ড ও কর ফাঁকির সুযোগ তৈরি হয় বলে তারা মনে করেন।
বিজ্ঞাপন
আরও পড়ুন
এই প্রেক্ষাপটে চলতি বছরের ১ জুলাই থেকে কোডভিত্তিক সব লেনদেন বাংলা কিউআরের আওতায় বাধ্যতামূলক করা হয়েছে। ফলে কোনো দোকান বা মার্চেন্ট পয়েন্টে একটি ব্যাংক কিংবা এমএফএস প্রতিষ্ঠানের কিউআর কোড থাকলেই অন্য প্রতিষ্ঠানের গ্রাহকরাও সেখানে পেমেন্ট করতে পারছেন।
বিজ্ঞাপন
বাধ্যতামূলক ব্যবহারের প্রথম মাস জুলাইয়ে বাংলা কিউআরে দৈনিক গড়ে প্রায় ৪০ কোটি টাকার লেনদেন হয়েছিল। সময়ের সঙ্গে তা বাড়তে বাড়তে গত সপ্তাহে সাপ্তাহিক লেনদেন এক হাজার কোটি টাকা ছাড়িয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, আড়াই মাসের ব্যবধানে বাংলা কিউআরে দৈনিক লেনদেনের পরিমাণ বেড়ে প্রায় ১৫১ কোটি টাকায় পৌঁছেছে। নতুন সুবিধাগুলো চালু হলে ডিজিটাল পেমেন্টের এই মাধ্যমটির ব্যবহার আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।








