Logo

টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৩ সেপ্টেম্বর, ২০২৬, ১৬:৩২
টাকায় আন্তর্জাতিক লেনদেনে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক বাণিজ্যে টাকায় লেনদেন নিষ্পত্তির সুযোগ বাড়াতে নতুন নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এর আওতায় বিদেশি ট্রেডিং পার্টনার ব্যাংকের নামে কোনো প্রারম্ভিক জমা ছাড়াই ‘টাকা ভস্ট্র অ্যাকাউন্ট’ খোলা ও পরিচালনা করা যাবে।

বিজ্ঞাপন

বুধবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্ট-১ থেকে এ সংক্রান্ত সার্কুলার জারি করে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকে পাঠানো হয়েছে। নতুন ব্যবস্থায় আমদানি-রপ্তানি বাণিজ্যের লেনদেন স্থানীয় মুদ্রা টাকায় নিষ্পত্তির সুযোগ আরও বিস্তৃত করা হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, এলসি, চুক্তি ও ইনভয়েস অবাধে রূপান্তরযোগ্য মুদ্রায় করা গেলেও লেনদেন নিষ্পত্তির সময় তা প্রচলিত বিনিময় হারে টাকায় রূপান্তর করতে হবে। বিদেশি অংশীদার ব্যাংকের সঙ্গে ব্যাংকিং নথি ও যোগাযোগ নিরাপদ, দ্রুত ও দক্ষভাবে সম্পন্ন করার কথাও বলা হয়েছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

আমদানিকারকদের স্থানীয় ব্যাংকিং চ্যানেল অথবা সংশ্লিষ্ট ভস্ট্র অ্যাকাউন্টের মাধ্যমে লেনদেন নিষ্পত্তি করতে হবে। নির্ধারিত শর্ত পূরণ হলে এসব হিসাবের বিপরীতে ওভারড্রাফট সুবিধাও দেওয়ার সুযোগ রাখা হয়েছে।

ভস্ট্র অ্যাকাউন্টে থাকা উদ্বৃত্ত টাকা বাংলাদেশে বৈদেশিক সরাসরি বিনিয়োগ (এফডিআই), বৈদেশিক পোর্টফোলিও বিনিয়োগ, অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড এবং ওপেন-এন্ড মিউচুয়াল ফান্ডসহ অনুমোদিত খাতে বিনিয়োগ করা যাবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে স্থানীয় প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ কিংবা বিদেশে রেমিট্যান্স হিসেবেও এসব অর্থ পাঠানো যাবে। রপ্তানি আয় টাকায় গ্রহণের ক্ষেত্রেও প্রযোজ্য শর্তে বৈদেশিক মুদ্রা সংরক্ষণের বিদ্যমান সুবিধা বহাল থাকবে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, আমদানি ও রপ্তানি লেনদেনে আইএমপি ও এক্সপি ফর্মসংক্রান্ত বিদ্যমান বিধিবিধান যথাযথভাবে অনুসরণ করতে হবে। একই সঙ্গে অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে এএমএল/সিএফটি ব্যবস্থা এবং গ্রাহকের তথ্য যাচাইয়ের ক্ষেত্রে কেওয়াইসি নীতিও কঠোরভাবে মানতে হবে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

যেসব দেশের স্থানীয় মুদ্রা অবাধে রূপান্তরযোগ্য নয়, সেসব দেশের সঙ্গে স্থানীয় মুদ্রায় লেনদেন করতে হলে বাংলাদেশ ব্যাংকের পূর্বানুমোদন নিয়ে বিদেশি নস্ট্রো অ্যাকাউন্ট বজায় রেখে লেনদেন নিষ্পত্তির সুযোগ রাখা হয়েছে।

নতুন এ নির্দেশনার মাধ্যমে টাকায় সীমান্তপারের বাণিজ্যিক লেনদেনের পরিসর বাড়ানোর সুযোগ তৈরি হয়েছে। বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগের ফলে আমদানি-রপ্তানি কার্যক্রমে স্থানীয় মুদ্রায় লেনদেন নিষ্পত্তির বিকল্প আরও বিস্তৃত হলো।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD