গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান: আইজিপি

গোপালগঞ্জে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনার বিষয়ে স্থানীয় মানুষের মতামতকে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। তিনি বলেছেন, গোপালগঞ্জবাসী চাইলে নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে। একই সঙ্গে পুলিশকে কঠোর অবস্থানে যেতে না হয়, সে জন্য স্থানীয় বাসিন্দাদের সহযোগিতা চেয়েছেন তিনি।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) বৃষ্টিস্নাত বিকেলে গোপালগঞ্জ সার্কিট হাউসের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইজিপি।
তিনি বলেন, ‘আজ পর্যন্ত এখানকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। আগামীতে আরও ভালো হবে। আপনারা এখানকার শান্তিপ্রিয় মানুষেরা বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে অবস্থান নিন। তাদের সংখ্যা খুব বেশি না।’
নাশকতাকারীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালানো হবে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইজিপি বলেন, ‘গোপালগঞ্জবাসী চাইলে হবে।’
বিজ্ঞাপন
গোপালগঞ্জে দুটি থানা পুড়িয়ে দেওয়ার ঘটনা প্রসঙ্গে পুলিশের এই শীর্ষ কর্মকর্তা বলেন, ‘থানা কাদের জন্য? থানা তো আপনাদের জন্যই। এখন আপনারা যদি থানা পুড়িয়ে দেন, তাহলে পুলিশ কীভাবে কাজ করবে? আপনারা যদি আইন মান্যকারী নাগরিক না হোন, পুলিশকে সহায়তা না করেন... ধরেন এখানে ১০ লাখ মানুষ আছে; থানায় পুলিশ আছে ২০ জন। আপনারা যদি তাদের সার্বিক সহযোগিতা না করেন, তাহলে তারা কাজ করতে পারবে না। আর আপনারা যদি চান যে পুলিশের দরকার নেই তাহলে আপনারা যা ইচ্ছা করেন।’
এর আগে, গোপালগঞ্জে সাম্প্রতিক সহিংসতা ও উত্তেজনাকর পরিস্থিতির পরিপ্রেক্ষিতে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সকালে সেখানে পৌঁছান আইজিপি।
এ সময় তার সঙ্গে ছিলেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) মহাপরিচালক ফারুক আহমেদ।
বিজ্ঞাপন
কর্মকর্তারা গোপালগঞ্জ সার্কিট হাউসে অবস্থান করেন। সেখানে গোপালগঞ্জসহ আশপাশের কয়েকটি জেলার পুলিশ সুপাররাও উপস্থিত ছিলেন। জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে করণীয় নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন তারা।








