টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম বন্ধ

গোপালগঞ্জে কয়েক দিনের সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনার পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পরিস্থিতি। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত থেকে নতুন করে কোনো সহিংসতার ঘটনা ঘটেনি। তবে ভাঙচুর ও অগ্নিসংযোগের কারণে টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানার কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (২০ নভেম্বর) সকাল থেকে জেলার মহাসড়কগুলোতে যান চলাচল স্বাভাবিক হয়েছে। ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জ অংশ এবং গোপালগঞ্জ-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কে সব ধরনের যানবাহন চলাচল করছে।
জেলা শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বৃষ্টির কারণে বৃহস্পতিবার সকাল থেকে জনসমাগম কম থাকলেও শুক্রবার দোকানপাট ও খাবারের হোটেল খুলতে শুরু করেছে। শহরের প্রধান সড়কগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের টহল দিতে দেখা গেছে।
তবে শহরের স্বাভাবিক জীবনযাত্রা এখনো পুরোপুরি ফিরে আসেনি। রাস্তায় রিকশা ও ইজিবাইক চলাচল করলেও অন্যান্য যানবাহনের উপস্থিতি তুলনামূলক কম। কয়েক দিনের সহিংসতার আতঙ্কে প্রয়োজন ছাড়া সাধারণ মানুষ ঘর থেকে বের হচ্ছেন না। ফলে শহরের বেশির ভাগ সড়ক এখনো অনেকটা ফাঁকা।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সাম্প্রতিক সহিংসতায় টুঙ্গিপাড়া ও মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ কারণে থানা দুটির কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া সংসদ সদস্যের কার্যালয়, গ্রামীণ ব্যাংকের শাখা, বিএনপির কার্যালয় এবং বিএনপি ও জামায়াত নেতাদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদ আহম্মেদ বলেন, ‘বৃহস্পতিবার রাতেই মহাসড়ক পরিষ্কার করা হয়েছে। রাত থেকে যানবাহন চলাচল শুরু করে।
বিজ্ঞাপন
‘লকডাউনের কারণে ঢাকা-খুলনা মহাসড়কের বিভিন্ন স্থানে আটকাপড়া যানবাহন গন্তব্যের উদ্দেশে রওনা হয়। আজ শুক্রবার সড়ক দিয়ে সব ধরনের যানবাহন চলাচল করছে।’
এদিকে গত কয়েক দিনের সহিংসতার বিষয়ে বক্তব্য জানতে জেলা পুলিশের একাধিক কর্মকর্তার সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁরা ফোন ধরেননি। ফলে এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।








