Logo

নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে নিষিদ্ধ আ.লীগের হামলা-অগ্নিসংযোগ

profile picture
জেলা প্রতিনিধি
নোয়াখালী
২০ নভেম্বর, ২০২৬, ১৮:০৮
নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে নিষিদ্ধ আ.লীগের হামলা-অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

নোয়াখালীর বেগমগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের মিছিল থেকে গ্রামীণ ব্যাংকের একটি কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে চৌমুহনী এলাকায় এ ঘটনা ঘটে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে। এ ঘটনায় কেউ হতাহত হননি।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুর পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের কাচারি বাড়ি মসজিদের সামনে প্ল্যাকার্ড হাতে জড়ো হন নিষিদ্ধ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের একদল নেতাকর্মী। পরে তারা সেখান থেকে মিছিল বের করেন। মিছিলটি চৌমুহনী বাজারের বড় পোল অতিক্রম করে নাপিতের পোল এলাকা প্রদক্ষিণ করে।

একপর্যায়ে মিছিলকারীরা নাপিতের পোল এলাকায় অবস্থিত গ্রামীণ ব্যাংকের এরিয়া অফিসের সামনে গিয়ে হামলা চালান। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, তারা কার্যালয়ের প্রধান ফটকের বিভিন্ন অংশে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেন। একই সঙ্গে ভবনের বাইরের দুটি জানালার থাই গ্লাস ভাঙচুর করা হয়। আগুনে প্রধান ফটকের কিছু অংশ পুড়ে যায়।

আরও পড়ুন

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টির মধ্যে মিছিল থেকে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’—এ ধরনের স্লোগান দেওয়া হয়। মিছিলে আট দফা দাবির সমর্থনে বিক্ষোভ ও গণপ্রতিবাদ কর্মসূচির একটি ব্যানারও ছিল। হামলাকারীরা ঘটনাস্থলে প্রায় পাঁচ মিনিট অবস্থান করার পর সেখান থেকে চলে যান। পরে সড়কে আরও প্রায় ১০ মিনিট মিছিল করেন তারা।

এদিকে, ব্যাংক কার্যালয়ের ভেতরে থাকা কর্মচারীরা দ্রুত বাইরে এসে আগুন নিভিয়ে ফেলেন। এতে আগুন ছড়িয়ে পড়ার আগেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। তবে ঘটনাকে কেন্দ্র করে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে দায়িত্ব পালনরত পরিদর্শক (তদন্ত) মাহবুবুল কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা যেখান থেকে মিছিল বের করেন, তার পাশেই গ্রামীণ ব্যাংকের কার্যালয়। পরে তারা অফিসটির প্রধান ফটকে আগুন ধরিয়ে দেন। তবে তাৎক্ষণিকভাবে আগুন নিভিয়ে ফেলা হয়। একই সময়ে জানালার দুটি থাই গ্লাস ভাঙচুর করা হয়। এ ঘটনায় কেউ হতাহত হননি।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD