Logo

ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৩:২০
ফ্যাসিস্ট শেখ হাসিনা ভারতে ‘গৃহবন্দি’ অবস্থায় আছেন: রাশেদ খাঁন
ছবি: সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে একপ্রকার ‘গৃহবন্দি’ অবস্থায় রয়েছেন বলে দাবি করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন। তাঁর দাবি, ভারতে অবস্থান করলেও আওয়ামী লীগের নেতারাও শেখ হাসিনার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না।

বিজ্ঞাপন

শুক্রবার (২০ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এসব মন্তব্য করেন তিনি।

পোস্টে রাশেদ খাঁন দাবি করেন, শেখ হাসিনার আগের পাসপোর্টে থাকা স্বাক্ষরের সঙ্গে লন্ডনভিত্তিক আইনজীবীদের প্রতিষ্ঠান ম্যাট্রিক্স চেম্বার্সের পাঠানো চিঠিতে থাকা স্বাক্ষরের কোনো মিল নেই। ওই চিঠি নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের ভারপ্রাপ্ত হাইকমিশনারের কাছে পাঠানো হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

রাশেদ খাঁনের ভাষ্য, স্বাক্ষরের এই অমিল থেকেই ম্যাট্রিক্স চেম্বার্সের পক্ষ থেকে স্বাক্ষর জালিয়াতির বিষয়টি স্পষ্ট হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও লিখেছেন, শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কোনো নেতাও সরাসরি সাক্ষাৎ করতে পারছেন না। এমনকি তাঁর সঙ্গে সাক্ষাতের কোনো ছবিও এখন পর্যন্ত কেউ প্রকাশ করেননি। এসব বিষয় উল্লেখ করে রাশেদ খাঁন বলেন, ফ্যাসিস্ট নেত্রী ভারতে একপ্রকার (গৃহ)বন্দি অবস্থায় রয়েছেন।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টে তিনি আরও দাবি করেন, শেখ হাসিনা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারলে নিজেই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও পাসপোর্টের জন্য আবেদন করতে পারতেন। কিন্তু বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দী বিনিময় চুক্তি থাকায় কূটনৈতিক রীতিনীতি অনুসারে ভারত তাঁকে সেই সুযোগ দিতে পারে না। তাঁর মতে, বন্দী বিনিময় চুক্তির মাধ্যমেই শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ রয়েছে।

রাশেদ খাঁনের অভিযোগ, পাসপোর্ট ও এনআইডির আবেদনকে কেন্দ্র করে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ রাজনৈতিক প্রচারণার মাধ্যমে আবারও আলোচনায় থাকার চেষ্টা করছে।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে একই বিষয়ে দেওয়া আরেকটি ফেসবুক পোস্টে তিনি ম্যাট্রিক্স চেম্বার্সের বিরুদ্ধে শেখ হাসিনার স্বাক্ষর জাল করে পাসপোর্ট ও এনআইডির আবেদনসংক্রান্ত চিঠি পাঠানোর অভিযোগ তোলেন।

ওই পোস্টে রাশেদ খাঁন লিখেছিলেন, নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনের একজন কর্মকর্তার সঙ্গে বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলেছেন তিনি। তাঁর দাবি, যাচাই-বাছাই করে চিঠিতে স্বাক্ষর জালিয়াতির তথ্য পেয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

স্বাক্ষরের গ্রহণযোগ্যতা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার স্বাক্ষর একটি নির্দিষ্ট রূপের হওয়া উচিত। এনআইডিতে আগে ব্যবহৃত বা স্বীকৃত স্বাক্ষরের বাইরে অন্য স্বাক্ষর ব্যবহার কিংবা জাল স্বাক্ষরের মাধ্যমে আবেদন করার সুযোগ নেই। তাঁর দাবি, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালে সরকারি নথিপত্রে বাংলা ভাষায় স্বাক্ষর করতেন।

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে রাশেদ খাঁন লেখেন, ‘চোর চুরি করলে কোনো না কোনো চিহ্ন রেখে যায়।’ তাঁর অভিযোগ, ম্যাট্রিক্স চেম্বার্স শেখ হাসিনার স্বাক্ষর জাল করে চিঠি পাঠাতে গিয়ে একই ধরনের ভুল করেছে।

তিনি আরও প্রশ্ন তোলেন, চিঠি পাঠানোর আগে প্রতিষ্ঠানটির আইনজীবীরা শেখ হাসিনার কাছে তাঁর স্বাক্ষর বাংলা নাকি ইংরেজিতে—তা অন্তত একবার জেনে নিতে পারতেন।

তবে শেখ হাসিনার ভারতে অবস্থান, তাঁর চলাচলের স্বাধীনতা এবং চিঠিতে স্বাক্ষর জালিয়াতির অভিযোগের বিষয়ে রাশেদ খাঁনের বক্তব্যই এখানে তুলে ধরা হয়েছে। এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর বক্তব্য প্রতিবেদনে পাওয়া যায়নি।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD