Logo

গোপালগঞ্জে হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের শামিল: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব

profile picture
নিজস্ব প্রতিবেদক
২০ নভেম্বর, ২০২৬, ১৮:৩২
গোপালগঞ্জে হাসপাতালে হামলা যুদ্ধাপরাধের শামিল: প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের একটি হাসপাতালে হামলা ও অগ্নিসংযোগের ঘটনাকে আন্তর্জাতিক মানবিক আইনের লঙ্ঘন এবং যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ)। তার অভিযোগ, গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রামদা ও কুড়াল হাতে মহড়া দিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসপাতালে আগুন দিয়েছেন।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে সুজাউদ্দৌলা লেখেন, ‘আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম কোথায় গিয়ে ঠেকেছে! গাজার মতো যুদ্ধাঙ্গনে হাসপাতালে হামলা করতে দেখেছি, আওয়ামী লীগ কি সেই দিকে যেতে চাইছে? তবে এটাকে কিন্তু যুদ্ধাপরাধ হিসেবে ধরা হয়। সুতরাং তারা সে অপরাধ করে ফেলেছে অলরেডি।’

আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী, সশস্ত্র সংঘাতের সময় হাসপাতাল ও চিকিৎসাসেবা প্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলা নির্দিষ্ট শর্তে যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হতে পারে। ১৯৪৯ সালের জেনেভা কনভেনশনে হাসপাতাল, চিকিৎসাকর্মী, রোগী ও আহত ব্যক্তিদের বিশেষ সুরক্ষার বিধান রাখা হয়েছে। একইভাবে ১৯৭৭ সালের অতিরিক্ত প্রটোকলেও চিকিৎসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে।

বিজ্ঞাপন

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রতিষ্ঠাকালীন দলিল রোম সংবিধির ৮ অনুচ্ছেদে নির্দিষ্ট পরিস্থিতিতে হাসপাতাল ও চিকিৎসাপ্রতিষ্ঠানের ওপর ইচ্ছাকৃত হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

ফেসবুক পোস্টে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব আরও উল্লেখ করেন, হাসপাতালে অগ্নিসংযোগের মতো ঘটনা অত্যন্ত গুরুতর। এ ধরনের হামলায় চিকিৎসাধীন রোগী, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের জীবন ও নিরাপত্তা মারাত্মক ঝুঁকির মুখে পড়তে পারে।

ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে নিরপেক্ষ তদন্ত এবং প্রচলিত আইন অনুযায়ী যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD