Logo

‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ দিলে জামায়াত-এনসিপিকে সমর্থন দেব: রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৭:২৯
‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ দিলে জামায়াত-এনসিপিকে সমর্থন দেব: রাশেদ খান
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পক্ষ থেকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণা করা হলে তাতে সমর্থন দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড ও সেখানকার পরিস্থিতি নিয়ে সমালোচনা করে এমন কর্মসূচির প্রস্তাব দিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থানের কথা জানান রাশেদ খান।

পোস্টে তিনি অভিযোগ করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ বন্ধ হয়ে যেতে পারে। এমনকি ব্যবসায়ীরা শপিংমল ও দোকানপাট খোলা রাখতেও সাহস পাবেন না বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি।

এভাবে চলতে থাকলে টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের শাসনামলের ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলেও মন্তব্য করেন রাশেদ খান। তিনি লেখেন, তখন স্থানীয় বাসিন্দারাই আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবেন।

বিজ্ঞাপন

বিএনপি সরকারের অবস্থান তুলে ধরে রাশেদ খান বলেন, বিএনপি সরকার কোনো হতাহতের ঘটনায় বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দলটি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণে টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের কর্মকাণ্ড মোকাবিলায় স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় এ অঞ্চলের মানুষ স্থায়ী সমাধান পাবে না।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের একটি ঘটনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, সে সময় এনসিপির নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনতে গিয়েও হতাহতের ঘটনা ঘটেছিল। তবে বছরের পর বছর হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধান সম্ভব নয়।

বিজ্ঞাপন

রাশেদ খানের ভাষ্য, টুঙ্গিপাড়ার মানুষের মধ্য থেকেই সমস্যার সমাধান খুঁজতে হবে। স্থানীয় বাসিন্দারা ভোগান্তিতে পড়লে আওয়ামী লীগের নেতাকর্মীদের কথিত নাশকতা বন্ধের প্রয়োজনীয়তা বুঝতে পারবেন বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আশঙ্কা প্রকাশ করেন, সরকার কঠোরভাবে নাশকতা দমন করতে গিয়ে কোনো হতাহতের ঘটনা ঘটলে সেটিকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক মহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে। বিএনপি সরকার এমন পরিস্থিতির দায় নিতে চায় না বলেও উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

পোস্টের শেষাংশে রাশেদ খান বলেন, আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ধৈর্য ধরে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে। বিএনপি বিরোধী দলে থাকাকালে সরকারের বিরুদ্ধে অনেক লংমার্চ করেছে। এবার জামায়াত ও এনসিপির পক্ষ থেকে ‘লংমার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণা করা যেতে পারে।

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘আমিও এই কর্মসূচিকে সাধুবাদ ও সমর্থন জানাব, ইনশাআল্লাহ।’

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD