Logo

‘হতাহতে বিশ্বাস করে না বিএনপি সরকার’, টুঙ্গিপাড়া নিয়ে রাশেদ খান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ নভেম্বর, ২০২৬, ১৭:১৬
‘হতাহতে বিশ্বাস করে না বিএনপি সরকার’, টুঙ্গিপাড়া নিয়ে রাশেদ খান
ছবি: সংগৃহীত

বিএনপি সরকার গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। টুঙ্গিপাড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার অভিযোগ তুলে পরিস্থিতি মোকাবিলায় ধৈর্য ধরার কথা জানিয়েছেন তিনি।

বিজ্ঞাপন

বুধবার (১৮ নভেম্বর) সকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন রাশেদ খান।

পোস্টে তিনি দাবি করেন, টুঙ্গিপাড়ায় আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতার কারণে সাধারণ মানুষের জন্য গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি, চিকিৎসা, ব্যাংকিং, আইনি, পুলিশি ও শিক্ষাসেবা সরবরাহ করা কঠিন হয়ে পড়েছে। পরিস্থিতি অব্যাহত থাকলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহও ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। একই সঙ্গে ব্যবসায়ীরা শপিং মল ও দোকানপাট খোলা রাখতে সাহস পাবেন না বলেও মন্তব্য করেন।

এ পরিস্থিতির পরিণতি হিসেবে টুঙ্গিপাড়ায় ১৯৭৪ সালের দুর্ভিক্ষের মতো পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন রাশেদ খান। তিনি লেখেন, তখন এলাকার মানুষ আওয়ামী লীগের নাশকতাকারীদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করবে।

বিজ্ঞাপন

বিএনপির অবস্থান তুলে ধরে তিনি বলেন, বিএনপি সরকার কোনো হতাহতে বিশ্বাস করে না। গুম, খুন, ক্রসফায়ার ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে দলটি দীর্ঘ ১৬ বছর সংগ্রাম করেছে। এ কারণেই টুঙ্গিপাড়ার পরিস্থিতি ধৈর্যের সঙ্গে মোকাবিলা করতে হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।

আরও পড়ুন

বিজ্ঞাপন

রাশেদ খান আরও বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের নাশকতা মোকাবিলায় স্থানীয় সাধারণ মানুষকে প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় এ অঞ্চলের মানুষ স্থায়ী সমাধান পাবে না। অন্তর্বর্তীকালীন সরকারের সময় এনসিপি নেতাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এপিসিতে উদ্ধার করে আনার সময়ও হতাহতের ঘটনা ঘটেছিল বলে পোস্টে উল্লেখ করেন তিনি।

তার ভাষ্য, বারবার হতাহতের ঘটনা ঘটিয়ে কোনো স্থায়ী সমাধানে পৌঁছানো সম্ভব নয়। এ জন্য টুঙ্গিপাড়ার মানুষের মধ্য থেকেই সমাধানের পথ খুঁজতে হবে।

বিজ্ঞাপন

তিনি আরও লেখেন, টুঙ্গিপাড়ায় সরকার কঠোরভাবে আওয়ামী লীগের নাশকতা দমন করতে গেলে কোনো হতাহতের ঘটনা ঘটলে সেটিকে কেন্দ্র করে দেশে ও আন্তর্জাতিক মহলে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগ তুলে রাজনৈতিক প্রচার চালানো হতে পারে। বিএনপি সরকার এমন দায় নিয়ে রাজনীতি করতে চায় না।

পোস্টের শেষাংশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ধৈর্য ধরে রাজনৈতিকভাবে মোকাবিলার আহ্বান জানান রাশেদ খান। একই সঙ্গে বিরোধী দল বিএনপির অতীতের লং মার্চ কর্মসূচির প্রসঙ্গ টেনে তিনি ‘লং মার্চ টু টুঙ্গিপাড়া’ কর্মসূচি ঘোষণার প্রস্তাব দেন। এমন কর্মসূচিকে তিনি সমর্থন ও সাধুবাদ জানাবেন বলেও উল্লেখ করেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD