Logo

‘আপা, আপনার সঙ্গে কথা বলতে চাই’: শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৯ নভেম্বর, ২০২৬, ১৬:৩৫
‘আপা, আপনার সঙ্গে কথা বলতে চাই’: শেখ হাসিনাকে সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ
ছবি: সংগৃহীত

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলার আগ্রহ প্রকাশ করে হোয়াটসঅ্যাপে বার্তা পাঠিয়েছিলেন সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। একই সঙ্গে তাকে একাধিকবার ফোনও করেছিলেন তিনি। তবে কোনো বার্তার জবাব পাননি নাহিদ। তার ফোনকলও ধরেননি শেখ হাসিনা।

বিজ্ঞাপন

প্রতিবেদন অনুযায়ী, গত ৬ নভেম্বর দুপুর ১টা ২৪ মিনিটে শেখ হাসিনার হোয়াটসঅ্যাপে একটি বার্তা পাঠান নুরুল ইসলাম নাহিদ। সেখানে তিনি লেখেন, ‘আপা, আমার সালাম নেবেন। আল্লাহ আপনাকে সুস্থ ও নিরাপদে রাখুন। আপনার সঙ্গে কথা বলতে চাই। নুরুল ইসলাম নাহিদ।’

তবে শেখ হাসিনা বার্তাটি দেখেননি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পরে একই দিন রাত ১০টা ৮ মিনিটে তাকে ফোন করেন নাহিদ। পরদিন ৭ নভেম্বর সকাল ১০টা ৪ মিনিটেও আরেকবার কল দেন তিনি। কিন্তু কোনো কলই রিসিভ করা হয়নি।

এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ খালিদ মনসুর গণমাধ্যমকে বলেন, ‘আমরা মোবাইল ফরেনসিকে দেব। তখন জানা যাবে।’

বিজ্ঞাপন

এর আগে বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর উত্তরায় নুরুল ইসলাম নাহিদের বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে পুলিশ।

আরও পড়ুন

বিজ্ঞাপন

১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন নুরুল ইসলাম নাহিদ। ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেওয়ার পর একই আসন থেকে দলটির প্রার্থী হিসেবে সপ্তম, নবম, একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে চলে যান। পরদিন ৬ আগস্ট রাষ্ট্রপতি জাতীয় সংসদ ভেঙে দিলে সংসদ সদস্য পদ হারান নুরুল ইসলাম নাহিদ।

বিজ্ঞাপন

এদিকে, গত ১২ অক্টোবর নুরুল ইসলাম নাহিদ ও তার স্ত্রী কে ইউ জোহরা জেসমিনের সম্পদের হিসাব নেওয়ার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রাথমিক অনুসন্ধানে নুরুল ইসলাম নাহিদের নামে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ১ কোটি ১০ লাখ ৫৩ হাজার ৮৭৮ টাকার সম্পদের তথ্য পাওয়া গেছে। তার স্ত্রীর নামে পাওয়া গেছে ৬ লাখ ৯ হাজার ৭৩৪ টাকার সম্পদ।

তাদের নামে-বেনামে অর্জিত প্রকৃত সম্পদ, সম্পদ অর্জনের উৎস এবং জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের পরিমাণ নির্ধারণে দুর্নীতি দমন কমিশন আইন অনুযায়ী সম্পদ বিবরণী দাখিলের আদেশ জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জেবি/জেএইচআর/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD